জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার মান বাড়াতে ১ হাজার ৪০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
‘কলেজ শিক্ষা উন্নয়ন’ শিরোনামের এ প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দেবে ৮০০ কোটি টাকা। প্রায় আট হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
এ প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, উচ্চশিক্ষার চাহিদা দিন দিন বাড়ছে। এ অবস্থায় উচ্চশিক্ষার মান উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে কলেজ শিক্ষার মান উন্নয়নে এ প্রকল্পটি নেওয়া হয়েছে। ২০২১ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
আ হ ম মুস্তফা কামাল জানান, প্রকল্পটির আওতায় শিক্ষার কৌশলগত পরিকল্পনা, সংস্কার ও কৌশল নির্ধারণ, কলেজগুলোর ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালীকরণ, শিক্ষক নিয়োগের ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করা হবে।
গতকালের একনেকের সভায় এ প্রকল্পটিসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০৬ কোটি টাকা। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দেবে ৩ হাজার ৮০৬ কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে ৮০০ কোটি টাকা।
গতকালের একনেকের সভায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ২০টি দিবাযত্নকেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সভায় বলেছেন যে বেসরকারি কারখানার মালিকেরা কেবল জমি দিলেই সেখানে দিবাযত্নকেন্দ্রের যাবতীয় অবকাঠামো তৈরি করে দেবে সরকার।
গতকাল অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২ হাজার ২৮১ কোটি টাকার ১০০টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ স্থাপন; ৪৭৫ কোটি টাকার ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (সংশোধিত); ২৭০ কোটি টাকার পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক উন্নয়ন; ২৫৭ কোটি টাকার কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগীর হাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙন থেকে রক্ষা (সংশোধিত) ; ১৫১ কোটি ৫৭ লাখ টাকার উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ৭২ কোটি টাকার বিটাকের কার্যক্রম সম্প্রসারণমূলক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন প্রকল্প।