৪৭ শতাংশ পোশাক কারখানায় অংশগ্রহণকারী কমিটি নেই
শ্রম আইনে বাধ্যতামূলক হলেও সরকারি পরিসংখ্যান বলছে, ৪৭ শতাংশ পোশাক কারখানায় অংশগ্রহণকারী কমিটি নেই।
২ হাজার ৪৯৫টি কারখানা পরিদর্শন করে ২০১৫ সালে এই চিত্র পেয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। পরিদর্শনে পাওয়া গেছে, মাত্র ৩ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬৫৫টি কারখানা পরিদর্শন করেছে অধিদপ্তর। এতে ৪০ শতাংশ কারখানায় অংশগ্রহণকারী কমিটির অস্তিত্ব পাওয়া যায়নি।
কারখানায় ট্রেড ইউনিয়ন না থাকলে অংশগ্রহণকারী কমিটিই মূলত শ্রমিকের দাবিদাওয়া মালিকপক্ষের কাছে তুলে ধরে। এ ছাড়া কারখানায় শ্রম আইন বাস্তবায়নের কাজ করে ওই কমিটি। ট্রেড ইউনিয়ন গঠন শ্রমিকদের ইচ্ছার ওপর নির্ভর করে। তবে অংশগ্রহণকারী কমিটি গঠন করা মালিকের জন্য বাধ্যতামূলক।
শ্রম আইন অনুযায়ী, কমপক্ষে ৫০ জন শ্রমিক কর্মরত থাকলেই প্রতিষ্ঠানের মালিককে অংশগ্রহণকারী কমিটি গঠন করতে হবে। শ্রমবিধিতে আছে, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার তিন মাসের মধ্যে ওই কমিটি করা বাধ্যতামূলক।
ডিআইএফইর মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আহম্মদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমরা কারখানা মালিকদের অংশগ্রহণকারী কমিটি গঠনে উৎসাহিত করছি। উদ্বুদ্ধ না করেই আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাচ্ছি না।’
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ডিআইএফইয়ের প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়। কারণ, ৫৩ শতাংশের মধ্যে ৩ শতাংশ কারখানায়ও অংশগ্রহণকারী কমিটিও কার্যকর নয়। তিনি দাবি করেন, অনেক কারখানার মালিকেরা দেখানোর জন্য নামকাওয়াস্তে কমিটি করে রেখেছেন। অনেক সময় কমিটির সদস্য শ্রমিকেরা জানেনই না যে তাঁকে কমিটিতে রাখা হয়েছে।
ডিআইএফইয়ের হিসাবে দেশে এখন পোশাক কারখানার সংখ্যা ৪ হাজার ৮০৮টি। এর মধ্যে ৩ হাজার ৮৯৯টি মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য।
বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন হোক। তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো—এ হিসেবে অংশগ্রহণকারী কমিটি থাকা দরকার। তবে অনেক কারখানাতেই নাই।’
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় প্রশ্ন আসছে, কেন ট্রেড ইউনিয়ন হচ্ছে না? সরকার সে জন্যই আইনে শ্রমিকদের অংশগ্রহণমূলক কমিটি করা বাধ্যতামূলক করেছে। কমিটি দর-কষাকষির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। এখন আমরা সেই রাস্তাতেই এগোচ্ছি।’
২০১৩ সালে রানা প্লাজা ধসের পরে ক্রেতা দেশগুলোর সঙ্গে ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ নামের একটি চুক্তি করে সরকার। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যালোচনা বৈঠকে ওই চুক্তির অংশীদারেরা শ্রমিক অধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েছে। যৌথ ঘোষণার প্রথম বিষয়টিতেই বলা হয়, ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়টি নির্বিঘ্ন করতে হবে।
অন্যান্য অনিয়ম: ডিআইএফইর পরিদর্শনে শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া থেকে শুরু করে মোট ২৬টি বিষয় অন্তর্ভুক্ত থাকে। মোট নম্বর ১০০। এর মধ্যে কারখানার ভবন, অগ্নিপ্রতিরোধ ও নিরাপত্তা এবং বৈদ্যুতিক নিরাপত্তায় ৫৪ নম্বর। পরিদর্শন করে পাওয়া নম্বরের ভিত্তিতে কারখানাগুলোকে এ, বি ও সি গ্রেডে ভাগ করা হয়। ২০১৫ সালের পরিদর্শনে ২ হাজার ৪৯৫টি কারখানার মধ্যে ৩০ শতাংশ এ গ্রেড, ৩৩ শতাংশ বি গ্রেড ও ৩৮ শতাংশকে সি গ্রেডে রেখেছে ডিআইএফই।
সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, ১৮ শতাংশ পোশাক কারখানা এখনো শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করে না। শ্রমিকদের চাকুরি বহি সংরক্ষণ করা হয় না ২৯ শতাংশ কারখানায়। ২৯ শতাংশ কারখানা প্রসূতি কল্যাণ ছুটি ও ভাতা প্রদানের নিয়ম সঠিকভাবে অনুসরণ করে না। ৪৬ শতাংশ কারখানায় প্রয়োজনীয় সরঞ্জামসহ ডে-কেয়ার সেন্টার নেই। ৪৩ শতাংশ কারখানায় কোনো সেফটি কমিটি নেই। ২১ শতাংশ কারখানায় শ্রমিকদের গোষ্ঠীবিমা নেই। তবে পরিদর্শনে কোনো কারখানাতেই শিশুশ্রম পাওয়া যায়নি।
কল্পনা আক্তার বলেন, ‘রানা প্লাজা ধসের পরে আমরা দুটি দিকে বেশ নজর দিয়েছি। একটি হল কারখানার নিরাপত্তা, অন্যটি ট্রেড ইউনিয়ন গঠন। নিরাপত্তার দিক দিয়ে বেশ উন্নতি হয়েছে। আগে দুর্ঘটনায় যেখানে বছরে গড়ে ২০০ শ্রমিকের মৃত্যু হতো, এখন সেটা ১০-এ নেমেছে। বাকি জায়গাগুলো এখনো নাজুক অবস্থায়।’