ভারতকে ট্রানজিটসুবিধা দেওয়া হলে তা স্বাগত জানাবে দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ট্রানজিট দেওয়ার প্রস্তাবে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে একমত হওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভারতের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের বাজারে ৪৮০টি পণ্যের শুল্কমুক্তসুবিধা চেয়েছে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। পাশাপাশি ব্যবসায়ী নেতারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর স্বার্থে ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক (অন-অ্যারাইভাল) ভিসা সুবিধার দাবি জানান। যতদিন পর্যন্ত না এ সুবিধা চালু করা হবে, ততদিন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা দেওয়ারও প্রস্তাব করেন তাঁরা।গতকাল রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সংগঠনটি জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর দুই দেশের অর্থনীতি ও রাজনীতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। দেশের ঘনিষ্ঠতম প্রতিবেশী ও বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতি হিসেবে ভারতের কাছে আগামী দিনে বাংলাদেশ স্বাভাবিকভাবেই অধিক বিনিয়োগ, সুবিবেচনা ও শুল্ক ছাড়ের প্রত্যাশা করতে পারে বলেও এফবিসিসিআইয়ের নেতারা উল্লেখ করেন।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম, এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে সেলিম ওসমান প্রমুখ। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিনসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এ কে আজাদ বলেন, ভারতকে ট্রানজিট দেওয়া হলে দেশের সড়ক, রেল ও নৌ-যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে, যা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ২০১০-১১ অর্থবছরে ভারত থেকে ৪৫৭ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে ৫১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। আর ২০০৯-১০ অর্থবছরে ভারত থেকে ৩২০ কোটি ২০ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে ভারতে ৩১ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগতভাবে বাড়ছে। তবে বাণিজ্য ঘাটতিও বাড়ছে। ২০১০-১১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ৪০৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৯-১০ অর্থবছরে ছিল ২৯০ কোটি ডলার। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে এ কে আজাদ ৬১টি পণ্যের পরিবর্তে ৪৮০টি পণ্যের শুল্কমুক্তসুবিধা দেওয়ার দাবি জানান। এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ভারতের বাজারে পণ্য রপ্তানিতে বিভিন্ন ধরনের অশুল্ক বাধা অপসারণ করা না হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রতিবছর ব্যাপকভাবে বাড়বে। তাই শুল্কমুক্তসুবিধা দেওয়ার পাশাপাশি অশুল্ক বাধাগুলো অপসারণের জন্য ভারতকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ কে আজাদ বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে পণ্য পরিবহন ও যান-চলাচলের স্বার্থে সহজতর শুল্ক পদ্ধতিসহ যানবাহন ও ট্রানজিট প্রটোকল অবিলম্বে বাস্তবায়ন করা দরকার। তিনি বাংলাদেশের মতো উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতেও সহজতর অবাধ আমদানি লাইসেন্সিং ও ব্যাংকিংসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। শুল্কমুক্তসুবিধা পেলে ভারতের বাজারে তৈরি পোশাকের রপ্তানি ব্যাপকভাবে বেড়ে যাবে, যা ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাণিজ্য বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য একটা নতুন দিগন্তের সৃষ্টি করবে। তিনি বলেন, ভারতকে ট্রানজিট দিলে একটা অধ্যায় শেষ হয়ে যাবে। তবে একবার ট্রানজিট দেওয়া হয়ে গেলে আর কিছুই থাকবে না, এমনটা ভাবার কিছুই নেই। বরং ট্রানজিট দেওয়ার পর আলোচনার দ্বার আরও খুলে যাবে বলে তিনি মন্তব্য করেন। এমসিসিআইয়ের সভাপতি ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য রপ্তানি বাড়ানোর তাগিদ দেন। তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর স্বার্থে ব্যবসায়ীদের তাৎক্ষণিক ভিসা দেওয়ারও দাবি জানান। বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ভারত যে ৬১টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্তসুবিধা দিতে যাচ্ছে, তার মধ্যে ৪৮টিই তৈরি পোশাক পণ্য। এতে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে। তিনি ভারতের বাজারে বাংলাদেশের সব তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত সুবিধার দাবি জানান।