৪৯ শতাংশ ত্রুটির সংস্কারকাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটির ৪৯ দশমিক ৫ শতাংশ সংস্কার সম্পন্ন করেছে সক্রিয় পোশাক কারখানা। ২৪ কারখানার সব ধরনের সংস্কারকাজ শেষ। এ ছাড়া ব্যর্থ ৭৭ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। চলতি বছরের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশ করে সংস্থাটি। এতে সংস্কারকাজে অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেছে অ্যালায়েন্স।
প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে অ্যালায়েন্সের সক্রিয় সদস্যসংখ্যা ৬৭৭। সব কটি কারখানারই অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত পরিদর্শন শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩৬ কারখানা বন্ধের জন্য সরকারের রিভিউ প্যানেলে পাঠানো হয়। তার মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ হয়েছে বা অ্যালায়েন্স বরখাস্ত করেছে। বাকি ১৩টির সংস্কারকাজ চলছে। একটি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে।
অ্যালায়েন্স জানায়, সংস্কারকাজের সন্তোষজনক অগ্রগতি না থাকায় ৭৭ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে তারা। এর ফলে জোটের সঙ্গে চুক্তিবদ্ধ ২৮টি বিদেশি ব্র্যান্ডের পোশাক তৈরির ক্রয়াদেশ পাবে না ওই কারখানাগুলো। অন্যদিকে সব ধরনের সংস্কারকাজ শেষ করার স্বীকৃতি পেয়েছে ২৪ পোশাক কারখানা।
সংস্কারকাজের অগ্রগতির বিষয়ে অ্যালায়েন্স বলছে, ৩৪ কারখানা শূন্য থেকে ২০ শতাংশ, ১৪৩ কারখানা ২০-৪০ শতাংশ, ২১৯ কারখানা ৪০-৬০ শতাংশ, ১৪৮ কারখানা ৬০-৮০ শতাংশ এবং ৩৬ কারখানা ৮০-১০০ শতাংশ সংস্কারকাজ শেষ করেছে।
অ্যালায়েন্সের প্রতিবেদনে বলা হয়, অগ্নি নিরাপত্তা বিষয়ে এখন পর্যন্ত জোটের পক্ষ থেকে ১ লাখ ২০ হাজার পোশাকশ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আমাদের কথা’ নামে চালু হওয়া হেল্পলাইনে ৬৪৩ কারখানার ৮ লাখ ৬৬ হাজার ৭০২ জন শ্রমিক সাহায্য চাইতে পারেন।