৫ উদ্যোগে করোনা পরবর্তী অর্থনীতির হাল ফিরবে: সিআরআই

বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তবে এক বছরের মধ্যে এ পরিস্থিতি থেকে উত্তরন সম্ভব। এর জন্য পাঁচ ধরনের উদ্যোগ দরকার। 'বাংলাদেশ অ্যাট ওয়ার্ক: জব ক্রিয়েশন অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ইন দ্য এরা অফ কোভিড-১৯' শিরোনামের গবেষণা প্রবন্ধে সেই সম্ভাবনার কথাই উঠে এসেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) হয়ে গবেষণাটি যৌথভাবে করেছেন ম্যাককিনস গ্লোবাল ইনস্টিটিউটের সাবেক রিসার্চ ফেলো ইমরান আহমেদ ও সিআরআইয়ের সিনিয়র অ্যানালিস্ট সৈয়দ মফিজ কামাল।
পাঁচ দফা উদ্যোগ বা প্রস্তাবের মধ্যে আছে শ্রমঘণ খাতে প্রচুর বিনিয়োগ; বিপুল মানুষের দরকার আছে এমন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির
সম্প্রসারন; অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থের জোগান সহজ করা; ফিরে আসা প্রবাসী শ্রমিকদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং 'আমার গ্রাম আমার শহর' কর্মসূচিকে দ্রুততার সঙ্গে বাস্তবায়ন।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, 'নীতিগতভাবে প্রস্তাবগুলো ঠিকই আছে। কিন্তু প্রশ্নটা এর বাস্তবায়ন নিয়ে। তখনই চ্যালেঞ্জগুলো আসবে।'
সিআরআইয়ের এ গবেষণাটি চলতি মাসে শেষ হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত তথ্য বলছে, করোনা পরিস্থিতির কারণে দেশে তিন কোটি ৮০ লাখ নতুন দরিদ্র তৈরি হবে। গ্রামাঞ্চলে এই নতুন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা হবে দুই কোটি ৭০ লাখ এবং শহরাঞ্চলে এক কোটি ১০ লাখ। বর্তমান দারিদ্র হারের সঙ্গে এই বিপুল নতুন দরিদ্র মিলে বাংলাদেশে দারিদ্র হার হতে পারে ৪১ দশমিক ৫ শতাংশ।
গবেষণায় বলা হয়, হারিয়ে যাওয়া কাজের মধ্যে একটি বড় অংশ স্বাভাবিক চলাচল শুরু হলে দ্রুতই ফিরে আসবে। যেমন কৃষির কর্মহীন মানুষরা আবার মৌসুম এলে কর্মব্যস্ত হয়ে পড়বেন, মানুষের চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে কাজ ফিরে পাবেন রিকশা ও সিএনজি চালকসহ পরিবহণ খাতের শ্রমিকরা। তবে ৬০ লাখ চাকরি দীর্ঘ মেয়াদের জন্য হারিয়ে যাবে। যা দেশের মোট শ্রমশক্তির ১০ শতাংশ।
গবেষক ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, 'এখন অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শুধু জিডিপির প্রবৃদ্ধি। প্রযুক্তির উৎকর্ষে জিডিপির প্রবৃদ্ধি ঘটানো যেতেই পারে। কিন্তু মানুষের যদি কাজ না থাকে তবে এর কোনো মূল্য থাকবে না। করোনা পরিস্থিতি থেকে উত্তরনে প্রথম প্রশ্নটিই অর্থনীতির পুনরুদ্ধার। প্রচুর কাজ সৃষ্টি করেই আপনাকে এই উদ্ধার করতে হবে। আর সেখানেই আমরা জায়গাগুলো দেখিয়েছি।'
গবেষণায় পাঁচ দফা উদ্যোগের প্রথমেই বলা হয়েছে, যেসব খাতে প্রচুর শ্রমিক আছে সেগুলোতে প্রণোদনা বাড়ানো যেতে পারে। এই খাতের মধ্যে আছে কৃষি, তৈরি পোশাক, চিকিৎসা-সামগ্রী উৎপাদন, খাবার প্রসেসিং, যানবাহন, নির্মাণ, খুচরা ব্যবসা, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস।
ইমরান আহমেদ বলেন, এসব খাতে বিপুল পরিমাণে কর্মক্ষম মানুষের প্রয়োজন হয়। বাংলাদেশে যেহেতু কর্মক্ষম প্রচুর তরুণ আছে তাই তাদের এই সব খাতে কাজে লাগানো যেতে পারে।
করোনার কারণে তৈরি পোশাক খাতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। কিন্তু গবেষকরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরির বিষয়ে কাজ করলে এই খাতটিও ঘুরে দাঁড়াতে পারবে। কারণ মাস্ক, গ্লার্ভস, পিপিই'র মতো সামগ্রীর চাহিদা দেশ ও বিদেশে রয়েছে।
অর্থনীতিবিদ আহসন এইচ মনসুর পোশাক খাতের এই বিকল্প চিন্তাকে সাধুবাদ জানান। তবে তাঁর কথা, ভালো মাণের পিপিই তৈরির কাঁচামালের যোগান আমাদের নেই। সেটি আগে নিশ্চিত করতে হবে।
সিআরআইয়ের দ্বিতীয় প্রস্তাবে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার বিষয়েও গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসব উন্নয়ন প্রকল্প শ্রমিক নির্ভর বেশি সেসব প্রকল্পকে আলাদাভাবে চিহ্নিত করে কর্মসংস্থান তৈরি করা যায়। এইসঙ্গে 'কাজের বিনিময়ে খাদ্য' প্রকল্পকে এর যুক্ত করে গ্রামাঞ্চলে প্রচুর কর্মসংস্থান তৈরি করা সম্ভব। অবকাঠামো খাতে যে বরাদ্দ আছে তা না বাড়িয়েও এটা করা সম্ভব। এ খাতে দৃষ্টি দিতে হবে শ্রমনির্ভর কাজের ক্ষেত্রে। তাতে বিপুল মানুষের কর্মসংস্থান হবে।
তিন নম্বর প্রস্তাবে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থের জোগান সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোতে ব্যাংকের মাধ্যমে প্রণোদনা দেওয়া হয়। তবে এর বাইরে এনজিও'র সহযোগিতায় ঋণের অর্থ সহজে ও দ্রুততম সময়ে পাওয়ার ব্যবস্থা করলে অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করবে। এমনটাই মনে করেন গবেষকরা।
চতুর্থত প্রস্তাবে স্বাস্থ্যসেবা কর্মী ও ফিরে আসা প্রবাসীদের দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়ার বিষয়ে গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষকদের মতে, সাধারণত সরকার যেসব কারিগরি বিষয়ে দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে তার বাইরেও এখন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া দেওয়া জরুরি। কারণ দেশ ও বিদেশে এখন প্রয়োজন হবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী। এজন্য গবেষণায় বলা হয়, যেসব প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন তাদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিলে নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি হবে।
সরকারের ২২টি মন্ত্রণালয় দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট পায়। এখন এ টাকার বরাদ্দটা স্বাস্থ্যসেবা কর্মী তৈরি করতে বিনিয়োগ হতে পারে বলে মনে করেন ইমরান আহমেদ।
সিআরআইয়ের গবেষণায় পঞ্চম প্রস্তাব হলো, স্থানীয়ভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক গতি আনতে 'আমার গ্রাম-আমার শহর' প্রকল্পকে ফাস্ট ট্র্যাকে নেওয়া। গবেষণায় বলা হয়েছে, শহরমুখী না হয়ে যদি গ্রামে সকল সুযোগ-সুবিধা ও ব্যবসার ক্ষেত্র তৈরি করে দেওয়া যায় তাহলে গ্রামের মানুষ গ্রামে থেকেই ব্যবসায় করতে পারবে। সরকার এই বিষয়ক যে উদ্যোগ আছে সেটাকে আরো বিস্তৃত ও দ্রুত করা গেলে স্থানীয় উন্নয়ন সম্ভব।
আহসান এইচ মনসুর বলেন, 'আমার গ্রাম–আমার শহর' কর্মসূচিকে তো মূর্ত করতে তুলতে হবে। উদাহরণ থাকতে হবে। আর এটি বলতে কী বুঝায় তাও সরকারকে পরিস্কার করতে হবে।'
তবে 'আমার গ্রাম–আমার শহর' কর্মসূচি চলমান বলেই দাবি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, 'করোনার মধ্যেই গ্রামীণ সড়ক, বিদ্যালয়, গণশৌচাগার নির্মাণ হচ্ছে। শহরের সুবিধাগুলো মানুষকে দিতে চাই। সে কাজ করে যাচ্ছি। করেনার কারণেন গতি শ্লথ হতে পারে, তবে থেমে নেই।'
দুই গবেষক আশা প্রকাশ করে বলেন, এক বছরের মধ্যে এই সব পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তবে খুব দ্রুত মানুষ তাদের কাজে ফিরে যেতে পারবে এবং অর্থনৈতিক চাকাও দ্রুত গতিতে সচল হবে।
গবেষক সৈয়দ মফিজ কামাল বলেন, সরকারের প্রণোদনা ও বাজেটের মাধ্যমে কীভাবে কর্ম সংস্থানকে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিকে সামনে আনার জন্যই আমরা গবেষণাটি করেছি। আমাদের মূল উদ্দেশ্যই হলো, সংকট থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়।
এসব প্রস্তাব বাস্তবায়নে সবচেয়ে বেশি দরকার সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছ, এ মন্তব্য আহসান এইচ মনসুরের।