৫ বছরে ৮০০ কোটি ডলার দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে এ অর্থ দেবে এডিবি। পাঁচ বছরের জন্য বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ সিপিএস প্রকাশ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। গত সেপ্টেম্বর মাসে সিপিএস অনুমোদন দিয়েছে এডিবির পরিচালনা পর্ষদ। ফিলিপাইনের ম্যানিলায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতি পাঁচ বছরে বাংলাদেশ কী পরিমাণ সহায়তা দেবে, তা সিপিএসে বলা থাকে। এতে এডিবি কোন ধরনের প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ দেবে, তা উল্লেখ থাকে। সর্বশেষ ২০১১ থেকে ২০১৫ সাল মেয়াদি সর্বশেষ সিপিএসে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিল এডিবি। সেই হিসাবে আগামী পাঁচ বছরে আগের সিপিএসের চেয়ে ৬০ শতাংশ বেশি ঋণ ও অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে এডিবি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এডিবির সহায়তা কৌশল নির্ধারণ করা হয়েছে।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সিপিএস সম্পর্কে কাজুহিকো হিগুচি বলেন, গত এক দশকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) আওতায় দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।