চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গতবার একই সময়ে এডিপির ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা খরচ হয়েছে। গতবার একই সময়ে ১৭ হাজার ১১ কোটি টাকা খরচ হয়েছিল। উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৬-১৭) মূল এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ বছর পুরো এডিপি বাস্তবায়ন করতে পারবে। তা করতে পারলে ৭ দশমিক ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।