৫ লাখ টাকা পর্যন্ত ঋণে ই-টিআইএন লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) জমা নেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও ই-টিআইএন জমা নেওয়া আবশ্যকীয় নয় বলে জানিয়েছে সংস্থাটি।

এক অংশীদারত্ব সংলাপে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধির বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনবিআরের সদস্য পারভেজ ইকবাল এ কথা জানান। তিনি বলেন, ই-টিআইএন জমা দিলে গ্রাহক তাঁর আমানতের বিপরীতে অর্জিত সুদের ক্ষেত্রে ৫ শতাংশ কর ছাড় পান।

এর আগে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আহমেদ আলী ১০ টাকার ব্যাংক হিসাব ও ছোট ছোট ঋণের ক্ষেত্রে ই-টিআইএন জমার বিষয়টি শিথিল করার অনুরোধ করেন।

বাংলাদেশ ব্যাংক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) ও পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের সঙ্গে নিজেদের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ সংলাপের আয়োজন করে এনবিআর। 

এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়নে রাজস্ব দরকার। এনবিআর রাজস্ব আদায়ে তার জনবান্ধব, করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব চরিত্র সমুন্নত রাখবে। 

বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কেনার ক্ষেত্রে দেশীয় কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার ব্যবস্থাপনার দায়িত্ব দেশীয় ছেলেদের হাতে থাকলে রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা ঘটত না।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার কাছ থেকে মূল্য সংযোজন কর (মূসক) আদায় করেন, কিন্তু সরকারি কোষাগারে জমা দেন না। জবাবে এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন আইন বাস্তবায়িত হলে ফাঁকি কমে যাবে।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুর রউফ, এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, এ এফ এম শাহরিয়ার মোল্লা, খন্দকার মুহম্মদ আমিনুর রহমান, কালীপদ হালদার, আরজেএসসির নিবন্ধক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।