৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে আইপিডিসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আইপিডিসির পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে আইপিডিসির মুনাফা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে দুই কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১২ কোটি টাকা। অন্যদিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে এক টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের চেয়ে ১৩ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ২৩ পয়সা।