তৈরি পোশাকশিল্পসহ সব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আগামী সোমবারের (৫ সেপ্টেম্বর) মধ্যে ঈদ বোনাস এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে গত আগস্ট মাসের বেতন ও ওভারটাইম দিতে হবে সংশ্লিষ্ট শিল্প মালিকদের।
রাজধানীর কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) গতকাল বৃহস্পতিবার ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, ডিআইএফইর মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, শ্রম পরিচালক এ এস এম আশরাফুজ্জামান, শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর পরিচালক মোস্তফা জামাল পাশা, শ্রমিকনেতা শুক্কুর মাহমুদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
পরে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘পোশাক কারখানা মালিকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা সময়মতো বেতন-ভাতা পরিশোধ করবেন। আশা করছি, গত ঈদের মতো এবারও পোশাকশ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদ্যাপন করতে পারবেন।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো পোশাক কারখানা মালিক ঘোষিত সময়ের মধ্যে ঈদ বোনাস ও বেতন-ওভারটাইম না দিলে প্রথমে আমরা তাঁকে অনুরোধ করব। কাজ না হলে শ্রমিকের পাওনা পরিশোধে চাপ দেব। তারপরও যদি মালিকেরা না দেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, বেতন ও বোনাস দেওয়ার নির্দিষ্ট সময়সীমাটি পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শিল্পমালিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ঝক্কি-ঝামেলা ছাড়া তৈরি পোশাকশ্রমিকেরা যাতে ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেন, সে জন্য কারখানা পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের অনুরোধ করেন শ্রম প্রতিমন্ত্রী। একই সঙ্গে পরিবহন শ্রমিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
সভার শুরুতে শিল্প দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিক এবং অসুস্থ কয়েকজন শ্রমিককে শ্রিমক কল্যাণ তহবিল থেকে ৮ লাখ ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করে শ্রম প্রতিমন্ত্রী।