মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণে পাঁচ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার দেবে সৌদি আরব ফান্ড ফর ডেভেলপমেন্ট। এ বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ সরকার এবং সৌদি ফান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব এম মোস্তফা কামাল এবং সৌদি ফান্ডের প্রতিনিধি আবদুল্লাহ আল সিদুকী নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার। ইতিমধ্যে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দুই কোটি ৮০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে।প্রায় সোয়া আট কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় যানজট নিরসনে মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ, সাতরাস্তা ও এফডিসি এলাকায় সাতটি সংযোগ-ব্যবস্থা থাকবে।