শিল্পায়নে স্বল্প সুদে ঋণসহায়তা দিতে ৫০ কোটি ডলার বা প্রায় চার হাজার কোটি টাকার আলাদা দুটি তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণ বা বিএমআরই এবং পরিবেশবান্ধব শিল্পের জন্য এ তহবিল থেকে ঋণসহায়তা দেওয়া হবে।
আসন্ন মুদ্রানীতি সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক পরামর্শ সভায় আলাদা দুটি তহবিল গঠনের কথা জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। মুদ্রানীতি সামনে রেখে রাজধানীর দিলকুশায় একটি হোটেলে গতকাল দুপুরে প্রথমবারের মতো এ ধরনের সভার আয়োজন করা হয়।
দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন, কর্মসংস্থান ও সরকারের বিভিন্ন লক্ষ্যপূরণ সামনে রেখে প্রতিবছর দুটি মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে এ দুটি মুদ্রানীতি ঘোষণা করা হয়। তাতে দেশে মুদ্রা সরবরাহ পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অর্থনীতির বিভিন্ন খাতের জন্য সুনির্দিষ্ট নীতি বা দিকনির্দেশনা তুলে ধরা হয়। তার ভিত্তিতে আর্থিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক।
পরামর্শ সভায় মুদ্রানীতির লক্ষ্য, অগ্রাধিকার ও পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আরও বক্তব্য দেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান। সভায় ১৫ জনেরও বেশি প্রিন্ট মিডিয়া ও টেলিভিশনের সাংবাদিক আসন্ন মুদ্রানীতি সামনে রেখে তাঁদের মত তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় ৩০ কোটি ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকার (প্রতি ডলারের বিনিময় মূল্য ৭৯ টাকা ধরে) একটি তহবিল গঠন করা হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থে গড়ে তোলা হবে ২০ কোটি ডলার বা প্রায় দেড় হাজার কোটি টাকার তহবিল। আর এ তহবিল থেকে কম সুদে ঋণসহায়তা দেওয়া হবে পরিবেশবান্ধব বা গ্রিন শিল্প স্থাপনে।
আতিউর রহমান জানিয়েছেন, আগামী মুদ্রানীতিতে উৎপাদনশীল খাত, রপ্তানি, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়ন, টেকসই অর্থনীতির জন্য টেকসই অর্থায়নকে প্রাধান্য দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে দেশের অর্থনীতির বিভিন্ন সূচক স্থিতিশীলতার মধ্যে রয়েছে। বিভিন্ন খাতে উদ্বৃত্তের সমস্যা রয়েছে। তাই আগামী মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে এ উদ্বৃত্ত সমস্যা মোকাবিলা করা। এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবে না, যাতে অর্থনীতির স্থিতিশীলতায় বিঘ্ন ঘটে।
ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে গভর্নর বলেন, বিভিন্ন অনিয়ম রোধ ও সমস্যা মোকাবিলা করে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নতুন অনেক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশি-বিদেশি ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি।
পরামর্শ সভায় বিরূপাক্ষ পাল বলেন, মুদ্রানীতি হবে প্রবৃদ্ধিসহায়ক ও বিনিয়োগবান্ধব। উৎপাদনশীল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক বর্তমানে যেসব পদক্ষেপ বা নীতি গ্রহণ করছে, তার বেশির ভাগই সাধারণ মানুষের চাহিদা মাথায় রেখে। বিভিন্ন আর্থিক সেবা বেশির ভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের কারণে বেড়েছে মুদ্রা সরবরাহ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও প্রধান অর্থনীতিবিদ দুজনই জানিয়েছেন, ঈদুল ফিতর ঘিরে মুদ্রা সরবরাহ ১০ দিনের ব্যবধানে ১৭ শতাংশ বেড়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে মানুষের হাতে বেশি টাকা ছিল। বিরূপাক্ষ পাল জানান, ৫ জুলাই ব্যাংকব্যবস্থার বাইরে মুদ্রা বা টাকার সরবরাহ ছিল ৯৬ হাজার কোটি টাকা। আর ১৫ জুলাই সেটি বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে টাকার সরবরাহ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ দুই ব্যক্তির মতে, ঈদের কারণেই মূলত মানুষের মধ্যে টাকার চাহিদা বেড়েছে। ব্যাংকব্যবস্থার বাইরে মানুষের হাতে এ সময়ে যে টাকা ছিল, তার বড় অংশ ঈদ উপলক্ষে খরচ হয়েছে বলেও ধারণা তাঁদের।