৫০ টাকার নতুন নোট এসেছে বাজারে
গতকাল রোববার ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়া হয়েছে বাজারে। যা এখন বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোতে লেনদেন হচ্ছে। নতুন এই নোটের সম্মুখভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছন দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘মই দেওয়া’ জলরঙের চিত্র ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্মুদ্রিত ৫০ টাকার নোটের অপরাপর বৈশিষ্ট্যগুলো অপরিবর্তিত থাকবে। এর আগে বাজারে ছাড়া ৫০ টাকার নোটও চালু থাকবে।এর আগে গত ৭ মার্চ আরও দুটি নোটের সঙ্গে ৫০ টাকা মূল্যমানের এই নোট ছাড়া হয় বাজারে। তাতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামের বানান ভুল করে জয়নুল ‘আবেদীন’ ছাপা হয়। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গোচরীভূত হলে এই নোটের প্রচলন বাতিল করা হয় এবং সংশোধনের মাধ্যমে তা নতুন করে ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়।