সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ মঙ্গলবার থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংস্থাটি সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজসহ তিনটি পণ্য বিক্রি করবে। টিসিবি বলছে, খোলা ট্রাকে প্রতি কেজি চিনি ৩৭ ও সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি হবে।
একজন ক্রেতা একসঙ্গে দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। তবে একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কেনা যাবে।
বাজারে এখন এক কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ এবং আমদানি করা পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবি বলছে, দেশের ১৭৩টি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি হবে। ঢাকায় বিক্রি হবে ২৪টি স্থানে—প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপরা মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজার, আগারগাঁও বাজার, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা বাজার, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, খামারবাড়ি, ইত্তেফাক মোড়, দিলকুশা, নিউমার্কেট/সায়েন্স ল্যাব, জুরাইন/শনির আখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার, কচুখেত বাজার ও খিলগাঁও তালতলা বাজারের সামনে এসব ট্রাক থাকবে।