৫০ বছর পর জানা গেল 'ভুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থান দেখবেন বিদেশি পর্যটকেরা। কক্সবাজার সমুদ্রসৈকত, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের চা-বাগান, খুলনার সুন্দরবন, বগুড়ার মহাস্থানগড়সহ বাংলাদেশের পর্যটন রূপবৈচিত্র্য দেখার সহজ যোগাযোগ সুবিধা দিতে পর্যটকেরা নিজের দেশ থেকে গাড়ি নিয়ে আসবেন, আবার সেই গাড়ির ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। পর্যটক ফিরে যাওয়ার সময় সেই গাড়ি নিয়ে যাবেন। এতে পর্যটন উৎসাহিত হবে, এমন ধারণা থেকে বিগত ৫০ বছরে বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় কয়েক শ পর্যটক গাড়ি এসেছে।

জাতিসংঘের দুটি আন্তর্জাতিক সনদের (কনভেনশন) অধীনে পৃথিবীর বিভিন্ন দেশ ‘কারনেট দ্য প্যাসেজ’ নামে পর্যটকদের এই শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা দেওয়া হয়। কিন্তু ৫০ বছর পর জানা গেল, বাংলাদেশ এই দুটি সনদে স্বাক্ষর করেনি। তাই এত দিন কারনেট সুবিধায় আসা গাড়িগুলোর ওপর শুল্ক ছাড় দেওয়া ন্যায়সংগত হয়নি।সম্প্রতি পর্যটক সুবিধায় শুল্কমুক্ত গাড়ি আনার সংখ্যা বেড়ে যাওয়ায় কয়েক মাস আগে অনুসন্ধানে নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দিকে অনুসন্ধানের মূল লক্ষ্য ছিল এসব গাড়ি সবই ফেরত বা পুনঃ

রপ্তানি হয়েছে কি না। এই সুবিধার অপব্যবহার হচ্ছে কি না, তা-ও অনুসন্ধানের অন্যতম বিষয় ছিল।শুল্ক বিভাগের কিছু কর্মকর্তা এই অনুসন্ধানের আইনগত ভিত্তি খুঁজতে গিয়ে দেখেন, বিভিন্ন দেশে প্রচলিত কারনেট সুবিধা যে দুটি সনদের ওপর প্রতিষ্ঠিত, সেই দুটি সনদে বাংলাদেশ স্বাক্ষর করেনি।সনদ দুটি হলো জাতিসংঘের কাস্টমস কনভেনশন অন দি টেম্পরারি ইম্পোর্টেশন অব প্রাইভেট রোড ভেহিকলস ১৯৫৪ এবং কাস্টমস কনভেনশন অন দি টেম্পরারি ইম্পোর্টেশন অব কমার্শিয়াল রোড ভেহিকলস ১৯৫৬। এই দুটি সনদে স্বাক্ষরকারী দেশের তালিকা জাতিসংঘের ওয়েবসাইটে রয়েছে। সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। এর ফলে শুল্ক-করমুক্তভাবে গাড়ি খালাসের বাধ্যবাধকতা বাংলাদেশের ওপর প্রযোজ্য নয়। একইভাবে যেসব গাড়ি কারনেটের আওতায় আমদানি হয়েছে, সেসব গাড়ি শুল্ক-করমুক্তভাবে খালাসেরও সুযোগ নেই।গত ২৮ এপ্রিল এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এ-সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দেন। এই চাঞ্চল্যকর তথ্য জেনে অর্থমন্ত্রী নিজেও বিস্মিত হন বলে জানা গেছে। এরপর সাময়িকভাবে এই সুবিধা বন্ধ করে দেওয়ার নির্দেশ তিনি। জানা গেছে, মূলত কারনেট সুবিধায় শুল্কমুক্তভাবে হামার, মার্সিডিজ বেঞ্জসহ বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আনার সুযোগ নেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশিরা। তাঁরা কয়েক মাস বাংলাদেশে অবস্থান করে ফিরে যাওয়ার সময় এসব গাড়ি বিক্রি করে দেন। এভাবে একটি চক্র গড়ে উঠেছে বলে মনে করছেন শুল্ক কর্মকর্তারা।চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কারনেট সুবিধায় আসা গাড়িগুলোর ওপর শুল্ক আরোপ না করায় প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।  

১১৮টি গাড়ির খোঁজ নেই: কারনেট সুবিধায় ১৯৬৩ সাল থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে ৩১৫টি গাড়ি এসেছে। এর মধ্যে ২৪৫টি গাড়ি খালাস করা হয়েছে। ৭০টি গাড়ি এখনো খালাস হয়নি। তবে খালাস করা গাড়িগুলোর মধ্যে ১৩১টি গাড়ি ফেরত গেছে। এ ছাড়া বেনাপোল ও আইসিডির মাধ্যমে এসেছে আরও চারটি গাড়ি।

চট্টগ্রাম কাস্টমস হাউস, বেনাপোল ও আইসিডি দিয়ে আসা গাড়িগুলোর মধ্যে ১১৮টি গাড়ি ফিরে যায়নি। মানে এগুলো বাংলাদেশের মধ্যেই অবৈধভাবে রয়েছে।

কারনেট সুবিধা নিতে পর্যটকেরা প্রথমে ‘রয়েল অটোমোবাইল ক্লাব অব ইউকে’তে নিবন্ধন নেন এবং গাড়ির মূল্যের ১০ শতাংশ অর্থ জামানত হিসেবে জমা রাখেন। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি) এই ক্লাবের প্রতিনিধিত্ব করে। এএবি থেকেই কারনেট সুবিধা পাওয়ার সনদ নিতে হয়।গাড়ির মালিকেরা দেশে ফেরার আগে গাড়ি হারিয়ে গেছে বলে থানায় জিডি করেন এবং ব্রিটেনে পৌঁছে সেই জিডির কপি দেখিয়ে জামানতের অর্থ তুলে নেন। এভাবে চলছে বিলাসবহুল গাড়ি বাণিজ্য।

এনবিআরের সুপারিশগুলো: অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রতিবেদনে কারনেট সুবিধা সাময়িক বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া যেসব গাড়ি ফেরত যায়নি, সেসব গাড়ির বিপরীতে শুল্ক আদায়ে ব্রিটিশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করে সহায়তা নেওয়ার সুপারিশ করা হয়েছে।পাশাপাশি এসব গাড়ি ব্যবহারকারীরা অবৈধভাবে নিবন্ধন নিতে এলে তাৎক্ষণিকভাবে আটক করে শুল্ক বিভাগের কাছে সোপর্দ করার জন্য বিআরটিএকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এএবির সভাপতি আজমালুল হোসাইন কিউসি একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাংলাদেশ ওই কনভেনশনের স্বাক্ষরকারী। তাঁকে এই দাবির সপক্ষে সাত দিনের মধ্যে প্রমাণ উপস্থাপনের জন্য অনুরোধ করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

যোগাযোগ করা হলে আজমালুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এই ধরনের কোনো সনদে বাংলাদেশ সই করেছে কি না, তা জাতীয় রাজস্ব বোর্ড তথা সরকার জানবে। সরকারের বাইরের লোক হিসেবে আমার জানার কথা নয়।