৫০ বিলিয়ন ডলার অর্জন সম্ভব, তবে কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে গতকাল ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে গতকাল ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ l প্রথম আলো

২০২১ সালের মধ্যে তৈরি পোশাকের রপ্তানি ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলারে নিয়ে যাওয়া সম্ভব, তবে কঠিন। এ জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। যেতে হবে প্রযুক্তিনির্ভরতার দিকেও। বাড়াতে হবে নতুন উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ ও সক্ষমতা। জোর দিতে হবে প্রশিক্ষণ ও গবেষণায়। বিশ্বে বাংলাদেশের পরিবর্তিত পোশাকশিল্পের ব্র্যান্ডিং করতে হবে।
চট্টগ্রামের র্যা ডিসন ব্লু হোটেলে বিজিএমইএ আয়োজিত তিন দিনের বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোতে সারা দিনই বক্তাদের মুখে ঘুরে ফিরেছে এসব কথা। বক্তাদের মধ্যে ছিলেন পোশাকশিল্পের উদ্যোক্তা, মন্ত্রী, কূটনীতিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁরা বক্তৃতা করেছেন উদ্বোধনী অনুষ্ঠান ও ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক সেমিনারে।
বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম ও মেক্সিকো পিছিয়ে থাকলেও উৎপাদনশীলতায় এগিয়ে। ভিয়েতনামের ৫৫ ও মেক্সিকোর ৮৫ শতাংশ উৎপাদনশীলতার বিপরীতে বাংলাদেশে তা মাত্র ৫০। তাই উৎপাদনশীলতায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন ইউনিভার্সিটি অব কলোরাডোর অধ্যাপক জেনিফার বেয়ার। একই সঙ্গে রানা প্লাজা ধসের পর বাংলাদেশে পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে, তা বিশ্বে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, বাংলাদেশের পোশাকশিল্প শ্রমনির্ভর। এ দিয়েই আড়াই হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি হচ্ছে। বাকি আড়াই হাজার কোটি ডলারের রপ্তানির জন্য প্রযুক্তিনির্ভরতার দিকে যেতে হবে। সরাসরি বিদেশি বিনিয়োগকে নিয়ে আসতে সরকারকে পরিবেশ সৃষ্টি ও প্রণোদনা দিতে হবে। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তায় জোর দিতে হবে।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম অবশ্য ৫ হাজার কোটি ডলারের লক্ষ্য অর্জনে গ্যাস-সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়াকে বড় বাধা মানছেন। তিনি বলেন, দেশে সরবরাহ করা মোট গ্যাসের ৫ শতাংশ মাত্র পোশাকশিল্প পায়। ২৩৩টি কারখানা এখনো গ্যাস-সংযোগের অপেক্ষায় আছে।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ক্রেতারা ইথিক্যাল প্রোডাক্ট তৈরিতে উদ্যোক্তাদের চাপ দেন। তবে ইথিক্যাল বায়ার কোথায়? তারা পোশাকের ন্যায্য দাম দিচ্ছে না।’ তিনি ‘আমাদের পণ্য সস্তা, তবে মানের দিক থেকে সর্বোত্তম’ স্লোগানে বহির্বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং করার পরামর্শ দেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘পোশাক খাত সঠিক পথেই এগোচ্ছে। আমার বিশ্বাস, ২০২১ সালে পোশাক রপ্তানি ৫ হাজার কোটি ডলারের বেশিই হবে।’ তিনি বলেন, রানা প্লাজা ধসের পর কারখানার মানোন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে স্বাগত জানানো হয়েছে। শ্রমিকের নিরাপত্তার বিষয়ে উদ্যোক্তারা আগের চেয়ে অনেক সচেতন।
পোশাকের ক্রেতাপ্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম বাংলাদেশের প্রধান রজার হুবার্ট বলেন, ৫ হাজার কোটি ডলারের লক্ষ্য অর্জন সম্ভব। কিন্তু কঠিন। সে জন্য একজন আরেকজনের দিকে অভিযোগের আঙুল না তুলে সমস্যার সমাধান করতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ একাধিক বক্তা পোশাকের দাম বাড়াতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান। এ বিষয়ে রজার হুবার্ট বলেন, ‘ক্রেতারা দাম বাড়াবেন। তবে সে জন্য সক্ষমতা বাড়াতে হবে।’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, ৫ হাজার কোটি ডলারের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে। তিনি লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা, পণ্য ও সেবার মান বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেন।
ইউরোপীয় ইউনিয়নের ট্রেড মনিটরিং গ্রুপ অব সাউথ এশিয়ার প্রধান সাজ্জাদ করিম বলেন, ‘২০২০ সালের মধ্যে বাংলাদেশকে জিএসপি প্লাস দেওয়ার জন্য সক্ষমতা অর্জন করব। সে জন্য আমরা খুবই খুশি। এটি ৫ হাজার কোটি ডলারের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তবে জিএসপি প্লাস পেতে হলে বাংলাদেশ যেসব অগ্রগতি অর্জন করেছে, সেটি ধরে রাখতে হবে।’
ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক সেমিনার সঞ্চালনা করেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। পরে শক্তিশালী, দীর্ঘস্থায়ী ও ভারসাম্য প্রবৃদ্ধি অর্জনে জন্য প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার।