৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বৃহত্তম কোম্পানি গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ ঘোষণা করে জিপির পরিচালনা পর্ষদ। এর আগে প্রতিষ্ঠানটি ৯০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেয়। এ নিয়ে অর্থবছরে প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ১৪০ শতাংশ।
প্রতিষ্ঠানটির এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২০ ফেব্রুয়ারি।
গ্রামীণফোন জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা এক হাজার ৪৭০ কোটি ১৫ লাখ টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা ৮৯ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২৩ টাকা ৬ পয়সায়।