৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার
৫০ হাজার টন আতপ চাল ও ৬০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বৈঠক সূত্র জানায়, মিয়ানমার অথবা পাকিস্তান থেকে এ চাল আমদানি করা হবে। তবে যে দেশ থেকে আমদানি করলে খরচ কম হবে, সেই দেশের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি টন আতপ চাল আমদানিতে খরচ পড়বে ৩৬৯ দশমিক ৫০ ডলার। ৫০ হাজার টন আমদানিতে ১২৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে। আর গমে মোট ব্যয় হবে ৮৯ কোটি ৭৪ লাখ টাকা। প্রতি টনের দাম ২১৪ দশমিক ৯০ ডলার। এ ছাড়া পদ্মা সেতুর ভৌত অবকাঠামো নির্মাণের জন্য ৮৩ কোটি ৩৪ লাখ টাকা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ কর্মসূচির জন্য ১৪০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।