৫০ হাজার টন করে গম ও সার আমদানি হচ্ছে
৫০ হাজার টন গম ও ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানিসহ চারটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, ৩১৩ দশমিক ৯২ ডলার হিসাবে ৫০ হাজার টন গমে ব্যয় হবে ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে) ব্যয় হবে। কাজটি পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড।
এ ছাড়া সার আমদানির আলাদা দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসবে ২৫ হাজার টন। প্রতি টন ৩৮৩ দশমিক ৪০ ডলার হিসাবে এতে ব্যয় হবে ৭৫ কোটি ১৫ লাখ টাকা। আর প্রতি টন ৩৮৭ দশমিক ৩০ ডলার হিসাবে মংলা বন্দরের মাধ্যমে বাকি ২৫ হাজার টন আমদানিতে ব্যয় হবে ৭৫ কোটি ৯১ লাখ টাকা। সার আমদানি হবে চীন, ইন্দোনেশিয়া ও ইরান থেকে।
অনুমোদিত অন্য প্রস্তাবটি হচ্ছে, ‘এডিবির দ্বিতীয় পিএফআরের আওতায় বাংলাদেশ রেলওয়ে উন্নয়ন’ শীর্ষক আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক নির্বাচন।
নূরুল করিম জানান, আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক হিসেবে যৌথভাবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনাল, টেনারেল কনসালটেন্ট ও এসএই কনসালটেন্ট বাংলাদেশকে। এতে ব্যয় হবে ২৭ কোটি ৩০ লাখ টাকা।