৫০ হাজার টন গমসহ নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদিত
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ঢাকায় সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, গম কেনাসহ মোট নয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গম সরবরাহের কাজটি পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এডিএম ইন্টারন্যাশনাল। প্রতি টন গমের দাম পড়বে ২১১ দশমিক ৪৫ ডলার। এতে ব্যয় হবে ৮৪ কোটি ৫৮ লাখ টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়ে সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ পেয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম। প্রতিষ্ঠানটিকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী আদায় করা টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ পাবে এই প্রতিষ্ঠান।
অনুমোদিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে সেতু উন্নয়ন প্রকল্পের ডিটেইলড নকশা ও তদারক কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড-জেভি। এতে ব্যয় হবে ২২০ কোটি ২৩ লাখ টাকা।
গোড়ান চটবাড়ী পাম্প হাউস নির্মাণ (তৃতীয় পর্যায়) কাজ বাস্তবায়নে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্টকে (বিডিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ৮৭ লাখ টাকা।
পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম ২-এর আওতায় ৬ হাজার ৯৭৪টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে। এতে ব্যয় হবে ৫৩ কোটি ২০ লাখ টাকা। দুটি সাব-প্যাকেজে ৩ হাজার ৪৮৭টি করে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারগুলো সরবরাহ করবে ট্রান্সফরমার লিমিটেড ও টেকনো ভেঞ্চার লিমিটেড।
সিলেট ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের জন্য স্পেয়ার্স ও অন্যান্য-সম্পর্কিত কাজের জন্য দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজ পেয়েছে এনসারডো এনার্জি অ্যান্ড ইতালি। এতে ব্যয় হবে ৭২ কোটি ১৯ লাখ টাকা।
মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের এক্সেস রোডের ডিটেইলড নকশা ও তদারকিতে এসএমইসি-জেভিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৪ কোটি ৫১ লাখ টাকা।
সোনাগাজী-ওলামা বাজার-চর দরবেশপুর-কোম্পানীগঞ্জ সড়কে ফেনী নদীর ওপর ৪৭৮ দশমিক ১৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের প্যাকেজ-০১-এর ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয় বৈঠকে। যৌথভাবে এ কাজটি পেয়েছে রানা বিল্ডার্স ও স্পেক্ট্রা লিমিটেড। এতে ৫৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে।
চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি জাতীয় মহাসড়কের চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে হাটহাজারী অংশে বিভাজকসহ সড়ক প্রশস্তকরণ (১ম সংশোধিত) প্রকল্পের প্যাকে ডব্লিউ ২-এর বাকি নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। কাজ পেয়েছে টিবিএল-এমএসি-জেভি। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা।
এদিকে ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিল্পনীতির খসড়া উপস্থাপন করা হলেও তা অনুমোদিত হয়নি। তবে বৈঠকে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলি-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) প্রকল্পের আওতায় নিউ ধলেশ্বরী নদীর দুটি ও পুংলি নদীর একটি জায়গায় ৪০ দশমিক ৩৫ কিলোমিটার খননকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়ন করবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড।