খাদ্য মজুত বৃদ্ধিতে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল আমদানিতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৫ লাখ টাকা।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাল আমদানিসহ মোট ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাবগুলোতে মোট ব্যয় হবে ২ হাজার ২৯৫ কোটি টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, প্রতি টন চালের দাম পড়বে ৪৩০ ডলার। দুবাইভিত্তিক ফনিক্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান চাল সরবরাহের কাজ পেয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ভারতের খোলাবাজার থেকে পাওয়ার ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্রতি কিলোওয়াটের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক শূন্য ৬৪ টাকা।
বিদ্যুৎ বিভাগের বাকি প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ‘পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৬ হাজার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনা। ভারতের তসিবা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড ট্রান্সফরমারগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮৩ কোটি টাকা।
‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন পণ্য কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট পাঁচটি লটে এসব পণ্য সরবরাহ করা হবে। এ জন্য ব্যয় হবে ৩৪৭ কোটি টাকা।
একই প্রকল্পে ২৩ হাজার ২১০টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এতে ব্যয় হবে ১৭০ কোটি ২৫ লাখ টাকা। টিএস ট্রান্সফরমার লিমিটেড এসব পণ্য সরবরাহ করবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই প্রকল্পে দুটি লটে মোট ১ লাখ ১৫ হাজার ৪২০টি এসপিসি পোল (খুঁটি) কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। দুটি লটে দেশি প্রতিষ্ঠান জেমকন এবং শেলটেক এ খুঁটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২২৪ কোটি টাকা।
এ ছাড়া ‘পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৮ কোটি টাকা ব্যয়ে আলাদা দুটি প্রস্তাবের মাধ্যমে তিনটি করে সাবস্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় ৯৭৫ কোটি টাকা ব্যয়ে ড্রেজার কেনা-বিষয়ক দুটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে।