৫০ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমিতে পুনর্বাসন করবে সরকার। সারা দেশে আড়াই হাজার গুচ্ছগ্রাম তৈরি করা হবে। এ জন্য ৯৪২ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। গুচ্ছগ্রাম ২য় পর্যায় (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) শিরোনামের এই প্রকল্প গত বছরের অক্টোবর মাসে শুরু হয়, যা ২০২০ সালের জুনে শেষ হবে।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে প্রথম পর্যায়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এরপরে গত বছর ২৫৮ কোটি টাকার দ্বিতীয় পর্যায়ের প্রকল্প নেওয়া হয়। এখন তা সংশোধন করে প্রকল্পের পরিসর বৃদ্ধি করা হয়েছে। প্রথমে ১০ হাজার পরিবারকে পুনর্বাসন করার কথা থাকলেও তা সংশোধন করে ৫০ হাজারে উন্নীত করা হয়েছে। গুচ্ছগ্রামের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ।
গতকালের একনেক সভায় এই প্রকল্পটিসহ ২৬ হাজার ৪১১ কোটি টাকার মোট ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৯ হাজার ১২৪ কোটি টাকার চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (১ম পর্যায়); ৫ হাজার ৭৪১ কোটি টাকার চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন (১ম পর্যায়); ৩৮৩ কোটি টাকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ; ৩৬৪ কোটি টাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন; ২৭৬ কোটি টাকার বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ; ২৩৮ কোটি টাকার রাজশাহী হাইটেক পার্ক স্থাপন; ৬০ কোটি টাকার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ; ২ হাজার ৪২৬ কোটি টাকার চট্টগ্রাম শহরের আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত) নির্মাণ; ৯০০ কোটি টাকার ৩৭ জেলা শহরে পানি সরবরাহ; ৩২০ কোটি টাকার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য সংযোগ সড়ক নির্মাণ ইত্যাদি।