পাঁচ শতাধিক স্থানে মিলবে রবির ওয়াই-ফাই
ওয়াই–ফাই হটস্পটের মাধ্যমে সারা দেশে আগামী ছয় মাসে পাঁচ শতাধিক স্থানে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় অপারেটরটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির আওতায় আগামী ছয় মাসে ৫০০ রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি বিমানবন্দর ও রেলস্টেশন এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই–ফাই সেবা দেবে রবি।
রবির যেসব গ্রাহক কমপক্ষে ১ গিগাবাইট মোবাইল ইন্টারনেট প্যাকেজ কিনবেন, তাঁরা এই বিনা মূল্যের ওয়াই–ফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াই–ফাই ব্যবহার উপযোগী মোবাইল থাকলে যে কেউ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ওয়াই–ফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল, কিউবি ও আমরা টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে রবি। আর বাস ও ট্রেনে ওয়াই–ফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে, চিফ করপোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কোম্পানির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়াই–ফাই হটস্পট স্থাপনের জন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।