৫০০ ও ১,০০০ টাকার নোটে স্ট্যাপল পিন ব্যবহারের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ৫০০ ও ১,০০০ টাকা মূল্যমানের নোটের বান্ডিলে স্ট্যাপল পিন ব্যবহার বিষয়ে নির্দেশনা জারি করেছে। এ দুটি নোটের গুণগত মানসহ স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখা এবং গ্রাহকদের যথাযথভাবে নোট যাচাই করে নেওয়ার সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার নির্দেশনাটি জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এখন থেকে এ দুটি নোটের বান্ডিল তৈরি করতে হলে বান্ডিলের বাঁ দিকের মাঝখান থেকে ১-১.৫ সেন্টিমিটারের মধ্যে একটি মাত্র স্ট্যাপল পিন ব্যবহার করতে হবে। নির্দেশনাটি শিগগিরই কার্যকর হবে।
নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সম্প্রতি লক্ষ করা গেছে যে তফসিলি ব্যাংকগুলো অনেক ক্ষেত্রেই ৫০০ ও ১,০০০ হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল তৈরি করতে একাধিক স্ট্যাপল পিন ব্যবহার করছে। নোট দুটির বান্ডিল করার সময় বিভিন্ন স্থানে যথেচ্ছভাবে স্ট্যাপলিং করছে ব্যাংকগুলো। যে কারণে একদিকে গ্রাহকেরা যথাযথভাবে নোটগুলো যাচাই করে নিতে পারছেন না, অন্যদিকে নোটের গুণগত মানসহ স্থায়িত্ব দ্রুত হ্রাস পাচ্ছে।