৫০০ টাকা রিচার্জ সীমা পরিবর্তন হচ্ছে
মুঠোফোনে এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জের নির্দেশনাটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহক অসুবিধার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকের অসুবিধার কথা বিবেচনা করেই নির্দেশনাটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে কিছু প্রস্তাবও পেয়েছি। এসব বিশ্লেষণ করে নতুন একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ এতে এক দিনে সর্বোচ্চ রিচার্জ সীমা বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।
বিটিআরসির এক নির্দেশনায় গত মঙ্গলবার প্রিপেইড সংযোগের মুঠোফোনে এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করার সীমা বেঁধে দেওয়া হয়। এত দিন দিনে মুঠোফোনে সর্বোচ্চ ১ হাজার টাকা রিচার্জ করা যেত।
এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বিটিআরসিকে চিঠি দেয় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। ওই চিঠিতে বলা হয়, মুঠোফোনে ৫০০ টাকা রিচার্জ করা হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হয়ে গ্রাহক প্রকৃতপক্ষে ব্যবহার করবেন ৪২২ টাকা। এক দিনে সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাবও দিয়েছে মোবাইল ফোন অপারেটররা।