
মূল্যস্ফীতিতে এখন সুসময় চলছে। বিদায়ী বছর তো বটেই; গত চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি হলো গত ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ৫ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছে, যা গত ৫১ মাসের মধ্যে সর্বনিম্ন।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। এর আগে মাসেও ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ মূল্যস্ফীতি। ২০০৯ সালের সেপ্টেম্বরের পর গত ৮৭ মাসের মধ্যে ওই দুই মাসেই ৫ শতাংশের নিচে মূল্যস্ফীতি নেমেছিল।
সবচেয়ে ভালো খবর হলো, সদ্য বিদায়ী ২০১৬ সালের জানুয়ারি মাস ছাড়া বাকি পুরো সময়জুড়েই মূল্যস্ফীতি ৫ শতাংশের ঘরেই ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিও মূল্যস্ফীতি বাড়াতে পারেনি। সারা বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ। এর মানে হলো, বিদায়ী বছরে সীমিত আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপ অপেক্ষাকৃত কম অনুভব করেছেন।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ডিসেম্বর মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরেন। যদিও তিনি জানিয়েছেন, ৫৩ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি হয়েছে ডিসেম্বর মাসে।
এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বছরই অর্থনীতি ভালো ছিল। কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। জিনিসপত্রের দাম কম ছিল।
মূল্যস্ফীতি পরিস্থিতির পাশাপাশি গত ডিসেম্বর মাসের পণ্যমূল্য কেমন ছিল—এর একটি চিত্র তুলে ধরেছে বিবিএস। সেখানে বলা হয়েছে, গত নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে ডাল, শাকসবজি, পেঁয়াজ, আদাসহ ভোগ্যপণ্যের দাম কমেছে দশমিক শূন্য ৫ শতাংশ। অন্যদিকে একইভাবে কাপড়চোপড়, জ্বালানি, বাড়িভাড়া, আসবাব, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণের দাম বেড়েছে দশমিক ৪৬ শতাংশ।
বিবিএসের তথ্য-উপাত্ত অনুযায়ী, গত ডিসেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। গত ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩৮ শতাংশ। নভেম্বর মাসে এ হার ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৪৯ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ৫ দশমিক ৩৩ শতাংশ। এখানে লক্ষণীয় বিষয় হলো, ২০১৬ সালের বছরজুড়েই খাদ্য খাতে মূল্যস্ফীতি পৌনে ৪ থেকে সাড়ে ৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। তবে খাদ্যবহির্ভূত খাতে পৌনে ৯ শতাংশ থেকে প্রায় ধারাবাহিকভাবে কমে ৪ দশমিক ৪৯ শতাংশে নেমেছে।
এখনো গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। তাঁদের অপেক্ষাকৃত বেশি দামে পণ্য কিনতে হয়। গত ডিসেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। আর গ্রামে এ হার ৪ দশমিক ৪৬ শতাংশ।
প্রতিমাসেই বিবিএস জাতীয় মজুরি সূচক প্রকাশ করে থাকে। মানুষের আয়ের সঙ্গে মূল্যস্ফীতি কতটা সংগতিপূর্ণ, তা এ জাতীয় মজুরি সূচক দিয়ে বোঝা যায়। সর্বশেষ মজুরি সূচক অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর মাসে মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ৫৬ শতাংশ। এর মানে হলো, বিগত এক বছরের ব্যবধানে এ হারে মজুরি বেড়েছে। এ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি। তাই জিনিসপত্রের দাম বাড়লেও তা কিনতে অসুবিধা হচ্ছে না সাধারণ মানুষের।