৫২০০ পয়েন্টের নিচে ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সাধারণ মূল্যসূচক ২৩১ পয়েন্ট কমে পাঁচ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে ৫,০৭৭ পয়েন্টে দাঁড়ায়।এর আগে শেয়ারবাজারে ভয়াবহ ধসের পর গত ২ মার্চ ও ২৫ মে ৫,২৯২ পয়েন্টে নামে সূচক। আর গত ১৯ অক্টোবর নামে ৫২৫৮ পয়েন্টে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ৫২০০ পয়েন্টকে এখন পর্যন্ত শেষ সীমা হিসেবে দেখা হতো। তবে আজ এই সীমার নিচে নেমে যাওয়াটা বেশ আশঙ্কাজনক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক ১৫৫ পয়েন্ট কমে যায়। সূচক কমার এই প্রবণতা সারা দিনই অব্যাহত থাকে।দিন শেষে ডিএসইতে ডিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র সাতটির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, এনবিএল, মালেক স্পিনিং ও ওয়ান ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৮৭.৫৭ পয়েন্ট কমে ১৪৫৬০.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র একটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।