৫২২ তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে সংস্কারকাজে ধীরগতির অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত এসব কারখানার সংস্কারকাজের অগ্রগতি ৪০ শতাংশের নিচে।
সংস্কারকাজে পিছিয়ে থাকার জন্য অভিযুক্ত কারখানাগুলোর নামের একটি তালিকা ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের কর্মকর্তারা তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের দিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে তালিকাটি হস্তান্তর করা হয়। তালিকা অনুযায়ী, ৫২২ কারখানার মধ্যে প্রায় ২০০টির সংস্কারকাজের অগ্রগতি মাত্র শূন্য থেকে ১০ শতাংশ। ১১ থেকে ২০ শতাংশ অগ্রগতি আছে ৯৮ কারখানার। বাকিগুলোর অগ্রগতি ২১ থেকে ৪০ শতাংশ।
জানা যায়, জোটের অধীনে পোশাক কারখানার চলমান সংস্কারকাজে সমস্যা এবং প্রতিবন্ধকতা দূর করতেই বিজিএমইএ এবং অ্যাকর্ডের মধ্যে প্রতি মাসেই একটি বৈঠক হয়। বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান ও পরিচালক রেজওয়ান সেলিম, অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ এবং স্টিয়ারিং কমিটির সদস্য রজার হুবার্ট ও রায় রমেশ চন্দ্র গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন।
অ্যাকর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ১ হাজার ৬০০ পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে তারা। এর মধ্যে ১ হাজার ৩০৪ কারখানার ফলোআপ পরিদর্শন শেষ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কারকাজ শেষ না করলে সংশ্লিষ্ট কারখানাকে প্রথমে সতর্ক এবং পরে নন-কমপ্লায়েন্স বলে তালিকাভুক্ত করে দেওয়া হয়। এমনটি হলে ওই কারখানার ক্রয়াদেশ পাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। সংস্কারকাজ না করায় গত ডিসেম্বরে সাতটি কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অ্যাকর্ড। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে এই জোট গঠিত হয়। একইভাবে আছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
জানতে চাইলে মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘তালিকাটি পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংস্কারকাজে পিছিয়ে থাকা প্রতিটি কারখানার মালিকের সঙ্গে ধাপে ধাপে বসব। কেন তাঁরা কারখানার সংস্কারকাজে পিছিয়ে আছেন, সে বিষয়টি জানতে চাইব।’ তিনি বলেন, ‘অ্যাকর্ড আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারাও মালিকদের সঙ্গে আমাদের বৈঠকে থাকতে চায়। আমরা তাতে সম্মতি দিয়েছি।’
কারখানাগুলো সংস্কারকাজে পিছিয়ে আছে কেন—জানতে চাইলে বিজিএমইএর এই সহসভাপতি বলেন, ‘অনেক কারখানাই অন্য স্থানে স্থানান্তরিত হবে। আবার অনেকে ব্যবসা গোটাবে। তাই সংস্কারকাজ ধীরে চলছে বা করছে না। তবে পুরো চিত্র মালিকদের সঙ্গে বসলেই পাওয়া যাবে। তারপর সেই তথ্য সুনির্দিষ্টভাবে আমরা সরকার ও অ্যাকর্ডকে দেব।’
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘সংস্কারকাজে অনেক কারখানা পিছিয়ে থাকার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা সবার সঙ্গে বসব।’
বৈঠক সূত্র জানায়, সংস্কারকাজ তদারকির জন্য অ্যাকর্ড ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও গাজীপুরে অফিস করতে চায়। তবে বিজিএমইএ চট্টগ্রামের ব্যাপারে রাজি হলেও গাজীপুরের ব্যাপারে আপত্তি জানায়। অন্যদিকে অ্যাকর্ডের প্রতিনিধিরা বিজিএমইএর নেতাদের জোটের স্টিয়ারিং কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেন।
মাহমুদ হাসান বলেন, ‘চট্টগ্রামে অ্যাকর্ডের কার্যালয় হলে মালিকদের জন্য সুবিধা হবে। তবে বিনিয়োগ বোর্ড চট্টগ্রামে অ্যাকর্ডের কার্যালয়ের বিষয়েই আপত্তি জানিয়েছে। কেন তারা আপত্তি জানাল, সেই বিষয়টি নিয়ে আমরা বোর্ডের সঙ্গে বসব বলে অ্যাকর্ডকে জানিয়েছি।’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুরে অ্যাকর্ডের কার্যালয় প্রয়োজন নেই বলেই আমরা মনে করি।’
পরিচালক রেজওয়ান সেলিম বলেন, ‘২২ ফেব্রুয়ারি বিজিএমইএর পরিচালনা পর্ষদের বৈঠক আছে। সেখানেই অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটিতে অন্তর্ভুক্তি হওয়া না-হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।