৫৩২ কোটি টাকার অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম-নীতি না মেনেই ঋণ বিতরণ করেছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক। ব্যাংকটির ৫৩২ কোটি ৯ লাখ টাকার ঋণ বিতরণে এই অনিয়ম ধরা পড়েছে। এর সঙ্গে জড়িত ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির তদন্তে এ চিত্র বেরিয়ে এসেছে। কমিটি এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে আনতে বলেছে। একই সঙ্গে ঋণ বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৫ শীর্ষ খেলাপি ঋণগ্রহীতার কাছেই ব্যাংকটির পাওনা ২ হাজার ৭৯১ কোটি টাকা। স্বাভাবিক নিয়মে এই টাকা আদায় করতে না পেরে ব্যাংক এখন আদালতের দ্বারস্থ হয়েছে।

 গত সপ্তাহে তদন্ত প্রতিবেদনটি কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। অগ্রণী ব্যাংকের ঋণ অনিয়ম তদন্তের জন্য অনুমিত হিসাব কমিটি গত বছরের ২ জুলাই কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনকে আহ্বায়ক এবং আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম ও শেখ ফজলে নূরকে সদস্য করে উপকমিটি গঠন করেছিল। এই উপকমিটির দেওয়া রিপোর্ট নিয়ে কমিটির পরের বৈঠকে আলোচনা হবে।

তদন্ত কমিটি বলেছে, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের জারি করা নির্দেশ না মেনে ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক। কয়েকটি ক্ষেত্রে ব্যাংকটি ঋণ পুনঃ তফসিল করে কিস্তির টাকা আদায়ে ব্যর্থ হওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্যাক টু ব্যাক এলসির (ঋণপত্র) খোলার সুযোগ করে দিয়েছে। প্রতিবেদনে এসব এলসির সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া খেলাপি ঋণের ক্ষেত্রে আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা চালাতে বলেছে।

জানতে চাইলে অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি কমিটির হাতে এসেছে। পড়ে মনে হয়েছে, আর্থিক অনিয়মে জর্জরিত অগ্রণী ব্যাংক। আরও মনে হয়েছে, ব্যাংকের টাকা একবার নিতে পারলে তা আর ফেরত দিতে হয় না। শুধু ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ দিয়ে টাকা নিজের পকেটে নিয়ে যেতে পারলেই হলো।

জানতে চাইলে ব্যাংকের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মোহাম্মদ শামস-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়গুলো আমরা জানি। ঋণের টাকা কীভাবে আদায় করা যায়, সে চেষ্টা চলছে। তা ছাড়া, অনিয়মের বিষয়ে ফাংশনাল অডিট (নিরীক্ষা) পরিচালনা করা হবে। অডিট শেষে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঋণ বিতরণে অনিয়ম: প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক সহায়ক জামানত গ্রহণ না করে ইলিয়াস ব্রাদার্স নামের চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানকে ২২৫ কোটি ২৬ লাখ টাকা ঋণ দিয়েছে। একাধিকবার পুনঃ তফসিল করার পরও প্রতিষ্ঠানটির কাছ থেকে ঋণের টাকা আদায় হয়নি।

ঋণের দায় পরিশোধে ব্যর্থ হওয়ার পর আইনি ব্যবস্থা না নিয়ে অনিয়মিতভাবে ঋণ পুনঃ তফসিল করা হয়েছে এসডিএস ইন্টারন্যাশনাল (ঢাকা) নামের আরেকটি প্রতিষ্ঠানের। এরপরও টাকা আদায়ে ব্যর্থ হতে হয়েছে। ঋণের পরিমাণ ১৫০ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার টাকা। সাত্তার টেক্সটাইল মিলসের (ঢাকা) কাছে ঋণ ৪৮ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকা। এ ক্ষেত্রেও ব্যাংক অনিয়মিতভাবে পুনঃ তফসিল করে ঋণ আদায়ে ব্যর্থ হয়েছে।

এর বাইরে আরও ছয়টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক বিধিবহির্ভূতভাবে ঋণ বিতরণ করেছে। বিতরণের পর তা অনিয়মিতভাবে পুনঃ তফসিল করে আদায় করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রুমা লেদারের কাছে ঋণের পরিমাণ ৩৫ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকা, এসকেএম জুট মিলসের কাছে ২০ কোটি ১৭ লাখ ৬৪ হাজার, গুডউইল বেসিক কেমিক্যালের কাছে ১৭ কোটি ২৩ লাখ ৩৬ হাজার, ওয়ানটেল কমিউনিকেশনের কাছে ১৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার, সাঈদ টেক্সটাইলের কাছে ১২ কোটি ৭২ লাখ ১১ হাজার এবং এপিটি ফ্যাশনের কাছে ৮ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার টাকা।

 ১০০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ: অগ্রণী ব্যাংকের ১০০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের বর্তমান ঋণের দায় ২ হাজার ৭৯১ কোটি ১২ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে মোট ঋণ নিয়েছিল ২ হাজার ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। খেলাপি এসব প্রতিষ্ঠানের মধ্যে মুন বাংলাদেশের দায় ১৩১ কোটি ৯০ লাখ টাকা, এমআর ট্রেডিংয়ের ৭৫ কোটি ৯৭ লাখ, জাসমীর ভেজিটেবল অয়েলের কাছে ১৩৮ কোটি ৫০ লাখ, মিজান ট্রেডার্সের কাছে ৮৬ কোটি ৬২ লাখ, রুবাইয়া ভেজিটেবল অয়েলের কাছে ১২৯ কোটি ৪৫ লাখ, চিটাগং ইস্পাতের কাছে ১৩০ কোটি ২২ লাখ, নুরজাহান সুপার অয়েলের কাছে ১০৪ কোটি ২২ লাখ, খালেক অ্যান্ড সন্সের কাছে ৩৬৩ কোটি ২৮ লাখ, ম্যাকশিপ বিল্ডার্সের কাছে ১৭১ কোটি ৯০ লাখ, মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে ১৬১ কোটি ৯৫ লাখ, মাররিন ভেজিটেবল অয়েলের কাছে ৪৪৬ কোটি ৬ লাখ, সামান্নাজ সুপার অয়েলের কাছে ১০৩ কোটি ৮৬ লাখ, ইলিয়াস ব্রাদার্সের সুপার অয়েল রিফাইনারির কাছে ৩৭৪ কোটি ১৫ লাখ, সিদ্দিক ট্রেডার্সের কাছে ২৫০ কোটি ৪০ লাখ এবং সরদার অ্যাপারেলসের কাছে ১১০ কোটি ৬৪ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা উদ্ধার করতে না পেরে অগ্রণী ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করেছে।