৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অ্যাপেক্স ফুটওয়্যারের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৬ এপ্রিল।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের চেয়ে ৬০ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ২৩ টাকা এক পয়সা।
আজ লেনদেনের এক ঘণ্টা শেষে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারের দাম ৬ দশমিক ৫৯ শতাংশ বা ৩২ টাকা ১০ পয়সা কমে লেনদেন হয় ৪৫৫ টাকায়।