৫৫,০০০ কোটি টাকার সংশোধিত এডিপি এনইসিতে উঠছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) অনুমোদনের জন্য ৫৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাব উঠছে। আজ বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা কমিশনের প্রস্তাব অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে দেশজ উৎস থেকে ৩৩ হাজার ৮০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মূল এডিপিতে এর পরিমাণ ৪১ হাজার ৩০৯ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে ২১ হাজার ২০০ কোটি টাকা রয়েছে। মূল এডিপিতে এর পরিমাণ ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা।
নতুন প্রকল্পসহ সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৪। এর মধ্যে নতুন প্রকল্প ২০২টি। আর এ বছর সমাপ্ত হবে এমন প্রকল্প নির্ধারণ করা হয়েছে ২৩৬টি।
বহুল আলোচিত সংশোধিত এডিপির আকার নিয়ে গত দুই মাস ধরেই অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল। এ নিয়ে গণমাধ্যমের কাছে দুজনই পরস্পরকে বাক্যবাণে জর্জরিতও করেছেন।
প্রথমে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধিত বাজেটের আকার ৫৪ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরিকল্পনা কমিশন ৬০ হাজার ৫৮২ কোটি টাকা চায়। এই নিয়ে দুই মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত এক হাজার কোটি টাকা বাড়িয়ে ৫৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপির প্রস্তাবই এনইসিতে উঠছে।