৫৮২ জনকে ১৭ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও নিখোঁজ পোশাকশ্রমিকের পরিবার এবং আহত পোশাকশ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। সব মিলিয়ে ৫৮২ জন ১৬ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। একই প্রক্রিয়ায় আগে রানা প্লাজা ধসে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, তাজরীনের ঘটনায় একজন নিহত ও নিখোঁজ শ্রমিকের পরিবার সর্বোচ্চ ৩১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে। উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন ক্ষতিপূরণ ছিল সাড়ে ১০ লাখ টাকা। অবশ্য মোট অর্থ থেকে তাজরীনের অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ৭ লাখ টাকার মধ্যে ৩ লাখ টাকা কর্তন করে রাখা হয়। এ ছাড়া আহত একজন শ্রমিক সর্বোচ্চ ১৮ লাখ ৩ হাজার ও সর্বনিম্ন দেড় লাখ টাকা পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের কর্মকর্তা মো. কাওছার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেওয়ার পর গত ৩০ জুন ঢাকায় ট্রাস্টের কার্যালয়টি গুটিয়ে নেওয়া হয়েছে। তবে আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দেওয়ার জন্য নতুন করে একটি ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে। সেটির অধীনে রানা প্লাজা ধসে আহতদেরও দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার চিন্তাভাবনা আছে।’
একই তথ্য দিয়ে ট্রাস্টের সাবেক কর্মকর্তা রেজুয়ানুল হক জানান, তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য সাড়ে ৩ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৮০ লাখ টাকার তহবিল আছে।
২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ জন পোশাকশ্রমিক দগ্ধ হয়ে মারা যান (বিজিএমইএর হিসাব)। আহত হন অনেক পোশাকশ্রমিক। পরে নিহত ১০৯ জনের পরিবারকে ৭ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। এ ছাড়া তখন আহত ৯০ শ্রমিক ১ লাখ টাকা করে অর্থ সহায়তা পান।
শ্রম অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ও ইন্ডাস্ট্রিঅল এবং জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের এক চুক্তির মধ্য দিয়ে ২০১৪ সালের নভেম্বরে তাজরীন ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্টের উদ্দেশ্য ছিল, তাজরীনের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত, নিখোঁজ ও নিহত শ্রমিকের হারানো আয়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া। প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবিনামা পূরণ ও ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খোলার কাজ গত অক্টোবরে শুরু হয়।
ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত তহবিলে ২৫ লাখ মার্কিন ডলার জমা পড়ে। এর মধ্যে সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ১০ লাখ ডলার, ফাং ফাউন্ডেশন ১০ লাখ ডলার, ব্র্যাক ইউএসএ আড়াই লাখ ডলার, কিক দেড় লাখ ডলার ও এল কর্টি ইংলেস ১ লাখ ডলার দেয়।
ট্রাস্টের কর্মকর্তারা জানান, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০৩ পোশাকশ্রমিক পরিবারের ৩৭৮ জন সদস্য ক্ষতিপূরণ দাবি করে। এর মধ্যে পাঁচটি আবেদন বাতিল হয়, ৩৭৩ জন ক্ষতিপূরণ পান ৯ কোটি ৯৪ লাখ টাকা। নিখোঁজ ১০ জনের পরিবারের ৩৮ সদস্য ক্ষতিপূরণ দাবি করলেও একটি বাতিল হয়। বাকিরা ক্ষতিপূরণ পান ১ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া আহত ১৭২ জন শ্রমিক ক্ষতিপূরণ পেয়েছেন ৫ কোটি ৭৫ লাখ টাকা।
জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার প্রথম আলোকে বলেন, ‘বিদেশি ক্রেতাদের ক্রমাগত চাপ দেওয়ার কারণেই একটি বিশেষ প্রক্রিয়ায় রানা প্লাজা ও পরে তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা অর্থ সহায়তা পেয়েছেন। তবে পুরো বিষয়টি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়নি। ফলে ভবিষ্যতে এটি আর কার্যকর হবে না।’ বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিদ্যমান আইনটি পরিবর্তন করে যুগোপযোগী করার দাবি জানান তিনি।