দেশের ৫৮৩টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে দ্রুতগতির এক এমবিপিএস (মেগাবাইট প্রতি সেকেন্ড) ইন্টারনেট সেবা চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এত দিন এসব তথ্যকেন্দ্রে ইন্টারনেট সেবার গতি ছিল ৫১২ কেবিপিএস (কিলোবাইট প্রতি সেকেন্ড)। গতকাল রোববার বিটিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ বছরের শেষের দিকে আরও ৫১৭টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবে বিটিসিএল। বিটিসিএলের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি কারণে গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬ গ্রুপের ৩ হাজার ৪০০ টেলিফোন নম্বর আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাবে। এসব নম্বরের শুরুতে ‘৪’ যুক্ত হয়ে আট অঙ্কের নম্বর এখন গ্রাহকদের ব্যবহার করতে হবে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিটিসিএলের পক্ষ থেকে গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে। পরিবর্তিত নম্বর জানার জন্য গ্রাহকেরা বিটিসিএলের কল সেন্টার ১৬৪০২ নম্বরেও ফোন করতে পারবেন। এ ছাড়া অফিস চলাকালে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরেও যোগাযোগ করা যাবে।