৫-৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এপিজির সম্মেলন হবে
এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) ১৯তম বার্ষিক সভা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনায় তা সরিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
এপিজি হচ্ছে ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন’ বিষয়ে মানদণ্ড নির্ধারণকারী এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংস্থা। গত ২৭ জুলাই সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সভার নতুন সময় জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে সভাটি অনুষ্ঠিত হবে।
সভাটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এ সভাতেই অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাবে কি না, তা নির্ধারিত হবে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১১টি মানদণ্ড রয়েছে। এগুলোর মধ্যে যদি কোনো দেশ ৯ বা এর অধিক মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপভুক্ত (আইসিআরজি) হবে।
যদি কোনো দেশ ৮ বা এর কম মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে সে ক্ষেত্রে দেশটি বিশ্বজনীন আন্তসরকার সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) মানদণ্ড পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকায় চলে যায়। বাংলাদেশ ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি আইসিআরজি প্রক্রিয়া থেকে বের হয়ে এফএটিএফ পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকাভুক্ত হয়।
বাংলাদেশে সভাটি হওয়ার কথা ছিল ২৩-২৮ জুলাই। এটি আয়োজনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন। এরপর ১১ জুলাই এপিজির পক্ষ থেকে সভা বাতিলের ঘোষণা দেওয়া হয়।