ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) একটি আন্তসীমান্ত ইলেকট্রনিক জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করছে। ওই জালিয়াতির মাধ্যমে দেশটির আর্থিক ব্যবস্থায় প্রবেশ করেছে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) ওই ছয়জনের মধ্যে পাঁচজনের নিজস্ব ব্যাংক হিসাব রয়েছে। এগুলো ব্যবহার করেই একটি আন্তর্জাতিক চক্র চোরাই অর্থ ফিলিপাইনে পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কম্পিউটার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক হিসাবে রাখা বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ চুরি করেছিল। পরে সেই অর্থ ফিলিপাইনের একাধিক ক্যাসিনোতে পাওয়া যায়।
ফিলিপাইনের সংবাদপত্র ইনকোয়ারার এ-সংক্রান্ত কিছু দলিল সংগ্রহ করেছে। সেগুলোর ভিত্তিতে এএমএলসি মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার লাগ্রোসাস, আলফ্রেড সান্টোস ভেরগারা, এনরিকো টিয়েডোরো ভাসকেজ, উইলিয়াম সো গো এবং কিম সিন ওয়ং (কিম ওয়ং) নামের ছয় ব্যক্তিকে চিহ্নিত করেছে, যাঁরা ওই অর্থ চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন।
ফিলিপাইনের কোর্ট অব আপিলস (সিএ) আদালত ১ মার্চ ওই ছয় ব্যক্তির সব হিসাব স্থগিত (ফ্রিজ) করতে চারটি ব্যাংককে (আরসিবিসি, ইস্ট ওয়েস্ট ব্যাংক, ব্যাংকো দে ওরো এবং ফিলিপিনস ন্যাশনাল ব্যাংক) নির্দেশ দেন। উইলিয়াম সো গোর প্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের সব ব্যাংক হিসাবও ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালত বলেন, এএমএলসির তদন্তের ভিত্তিতে দেখা যায়, অর্থ প্রদানের একটি অবৈধ নির্দেশনা সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মাধ্যমে দেওয়া হয়েছিল। এতে বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়ে যায়। অথচ সুইফটের বার্তা প্রেরণের ব্যবস্থা নিরাপদ বলেই পরিচিত।
ডলারে ব্যাংক হিসাব: ক্রুজ, লাগ্রোসাস, ভেরগারা ও ভাসকেজ আরসিবিসিতে ২০১৫ সালের ১৫ মে মার্কিন ডলারের হিসাব খুলেছিলেন। তাঁদের প্রত্যেকে ন্যূনতম ৫০০ ডলার করে জমা রাখেন। ওই হিসাবে গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো লেনদেন হয়নি। সেদিন অর্থ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) কাছ থেকে একটি নির্দেশনা পাঠানো হয় এবং আরসিবিসিতে ৮ কোটি ৮০ লাখ ডলার স্থানান্তরের সুযোগ করে দেয় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক। এতে লাভবান হন ডলারের হিসাবধারী ওই চার ব্যক্তি।
ফিলিপাইনের আপিল আদালত (সিএ) এক আদেশে বলেন, যাঁদের নামে ওই ব্যাংক হিসাবগুলো রয়েছে তাঁরা যে অর্থ চুরির ঘটনাটিতে জড়িত থাকতে পারেন—এমন ধারণা করার পর্যাপ্ত ভিত্তি রয়েছে। এসব হিসাবে সব ধরনের লেনদেন অবশ্যই বন্ধ থাকবে।
জাল নির্দেশনা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ওই অর্থ উদ্ধারের জন্য গত ১৬ ফেব্রুয়ারি এক চিঠিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রালের গভর্নর আমানডো টেটাংকো জুনিয়রের সহায়তা চান। আতিউর রহমান অভিযোগ করেন, অর্থ প্রদানের জন্য আরসিবিসিতে সুইফটের পাঠানো নির্দেশনাটি ছিল ‘জাল’।
এএমএলসির একটি প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিপাইনের আপিল আদালত (সিএ) বলেন, ক্রুজ, লাগ্রোসাস, ভেরগারা ও ভাসকেজ—গোর সঙ্গে ষড়যন্ত্রমূলকভাবে ওই ব্যাংক হিসাবগুলোকে ‘হ্যাকিং’ বা ‘ক্র্যাকিংয়ের’ মতো অবৈধ উপায়ে অর্থ স্থানান্তরের মূল উৎস গোপন করার মাধ্যম হিসেবে ব্যবহার করেন।
আয়ের উৎস নেই: আদালত আরও বলেন, ক্রুজ, লাগ্রোসাস, ভেরগারা, ভাসকেজ ও গোর ‘আয়ের কোনো জ্ঞাত উৎস নেই, যা দিয়ে তাঁদের ওই বিপুল অঙ্কের অর্থ লেনদেন ন্যায়সংগত হতে পারে।’
ওই ৮ কোটি ১০ লাখ ডলারের অধিকাংশই পেসোতে (ফিলিপাইনের স্থানীয় মুদ্রা) রূপান্তর করেছিল ফিলরেম নামের একটি প্রতিষ্ঠান। ওই অর্থের একটি অংশ স্থানান্তর করা হয় ওয়েইকাং জু নামের এক ব্যক্তির ব্যাংক হিসাবে, যিনি বিভিন্ন উৎসব আয়োজনে যুক্ত ব্যবসায়ী হিসেবে গেমিং ব্যবসা করেন বলে ধারণা করা হয়। পাশাপাশি ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেড এবং ব্লুমবেরি (সোলার নামের প্রতিষ্ঠান পরিচালনাকারী) নামের প্রতিষ্ঠানের হিসাবেও অর্থ স্থানান্তর করা হয়।
ষষ্ঠ যে ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর নাম কাম সিন ওয়ং। সন্দেহভাজন ওই চক্রের সঙ্গে তাঁর সরাসরি কোনো সংযোগ নেই। তবে ইস্টার্ন হাওয়াই লেইজারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির পদবির সঙ্গে তাঁর নামের পদবি মিলে যায়। কাগায়ান স্পেশাল ইকোনমিক জোনে ইস্টার্ন হাওয়াই লেইজার একটি হোটেল-ক্যাসিনো কমপ্লেক্স পরিচালনা করেন।
অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্যাসিনোগুলো অর্থ পাচার আইনের আওতাধীন নয় বলে সন্দেহজনক অর্থ লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষকে জানাতে বাধ্য নয়। তাই কোন ঘটনার মাধ্যমে ইস্টার্ন হাওয়াইয়ান এবং সোলারের কাছে ওই ৮ কোটি ১০ লাখ ডলার গিয়েছে, তা স্পষ্ট নয়।
ওই অর্থ দেশটির বাইরে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও ওই অর্থ আবার বিদেশি মুদ্রায় রূপান্তরিত করে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার প্রমাণ মেলেনি।
দোষারোপের খেলা: আরসিবিসি ব্যাংকের মাকাটি শাখার মাধ্যমে ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল। শাখাটির ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করছে আরসিবিসি। তারা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই শাখা ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এসঅ্যান্ডআর নামের একটি শপিং নেটওয়ার্কের সাবেক স্বত্বাধিকারী গো তাঁর মার্কিন ডলারের কোনো ব্যাংক হিসাব থাকার কথা অস্বীকার করেছেন। ওই হিসাব এবং আরও কয়েকটি হিসাব ব্যবহার করেই একসঙ্গে চোরাই অর্থ ফিলরেমের মাধ্যমে পেসোয় রূপান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।
সম্মতি ছাড়াই: গো অভিযোগ করেন, আরসিবিসির ওই শাখা ব্যবস্থাপক ‘জাল বাণিজ্যিক দলিলপত্র তৈরি করেছেন’ এবং তাঁর সম্মতি ছাড়াই তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্সের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলেছেন। ওই হিসাব ব্যবহার করেই বিপুল অঙ্কের বিদেশি অর্থ পেসোতে রূপান্তরিত করা হয়েছিল।
একাধিক প্রমাণ থাকায় আরসিবিসির কর্মকর্তারা বাংলাদেশ থেকে পাঠানো অর্থের (রেমিট্যান্স) বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ খুঁজে পাননি। ওই শাখা ব্যবস্থাপকও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম উল্লেখ করেন, যাঁরা ওই লেনদেনের বৈধতার সত্যায়ন করেছেন। বাংলাদেশে কয়েকটি প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাগজপত্রেও এর প্রমাণ রয়েছে।
ঋণ প্রদান: বাংলাদেশ সরকারের কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংক আড়াই কোটি ডলার লেনদেনের নির্দেশ পাঠিয়েছিল। ওই অর্থ ভাসকেজের হিসাবে পাঠানো হয়েছিল তথাকথিত ‘ঋণ’ হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) কাছ থেকে।
পেশাদার তথ্যপ্রযুক্তিবিদ লাগ্রোসাসের কাছে তিন কোটি ডলার পাঠানো হয়েছিল তথাকথিত ওই জাইকার ঋণ হিসেবে। ওই অর্থ পাঠানোর জন্য ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পক্ষে কেউ নির্দেশনা দিয়েছিল।
কনসালটেন্সি ফি হিসেবে ক্রুজকে ৬০ লাখ ডলার প্রদানের জন্য সম্ভবত আইপিএফএফ প্রকল্পের একটি সেলের পক্ষে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। ১ কোটি ৯০ লাখ ডলার ভেরগারার অনুকূলে সম্ভবত ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান ডেভেলপমেন্ট প্রজেক্টের ‘ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফি’ প্রদানের জন্য আরেকটি নির্দেশনা পাঠানো হয়েছিল।
কীভাবে এসব জাল নির্দেশনা মার্কিন অর্থব্যবস্থাকে ফাঁকি দিল, সেই প্রশ্ন উঠেছে এখন। কারণ, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (যেখানে বাংলাদেশ ব্যাংকের হিসাব রয়েছে) এবং মার্কিন প্রতিনিধিত্বকারী ব্যাংক—সিটিব্যাংক, দ্য ব্যাংক অব নিউইয়র্ক মেলন এবং ওয়েলস ফার্গো ব্যাংক এসব অর্থ লেনদেনে জড়িত ছিল।
আরও পড়ুন: