৬ বাংলাদেশিসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বাংলাদেশ অপারেশন বা কার্যক্রমে সংঘটিত ১ হাজার ৮৫০ কোটি রুপি অনিয়মের ঘটনা গোপন করেছেন। দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) এ অভিযোগ তুলেছে।
এনএবি এ ঘটনায় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করবে। এতে ফেঁসে যেতে পারেন ব্যাংকটির শীর্ষ কয়েকজন কর্মকর্তাসহ ৬ বাংলাদেশি কর্মকর্তাও। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও পাকিস্তান টুডের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এনবিপি বাংলাদেশ কার্যক্রমের উপদেষ্টা ইরতেজা রেজা চৌধুরী বলেন, ‘অনিয়ম সংঘটিত হওয়ার পর আমি যোগদান করেছি। তবে আমরা ইতিমধ্যে ৮৫ শতাংশ গ্রাহককে খুঁজে পেয়েছি। আগামী তিন মাসের মধ্যে ঋণ আদায়ে বড় ধরনের অগ্রগতি হবে।’
চারটি শাখা নিয়ে এনবিপির বাংলাদেশ কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ব্যাংকটির গুলশান শাখা থেকে তিন প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া হয়েছে ২৩৪ কোটি টাকা। প্রতিষ্ঠান তিনটি হলো কটন করপোরেশন, ওয়াফা এন্টারপ্রাইজ ও জুমাইরা এন্টারপ্রাইজ। এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল। ২০১৫ সাল শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৩ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ১০ কোটি টাকাই খেলাপি হয়ে গেছে, যা বিতরণ করা মোট ঋণের ৬৬ দশমিক ৩১ শতাংশ।
২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এনবিপির বাংলাদেশের শাখাগুলো থেকে পর্যাপ্ত জামানত ছাড়াই বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়।
সূত্র জানায়, এনবিপির বাংলাদেশ কার্যক্রমের দায়িত্বে ছিলেন এমন কয়েকজন বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ পর্যায়ে রয়েছেন।
পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ দেওয়ার ক্ষেত্রে এসব ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো গাফিলতি ছিল কি না কিংবা তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন কি না তা তদন্ত করে দেখবে এনএবি। বিষয়টি পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্টে পাঠানোর আগে তদন্ত শেষ করতে চার মাস সময় পাবে এনএবি।
পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থাটি অভিযুক্ত কর্মকর্তার সংখ্যা ১০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। যদিও তদন্তের যেকোনো পর্যায়ে নতুন নাম যুক্ত করার ক্ষমতা এ সংস্থার রয়েছে। জাতীয় পরিষদের (এনএ) অর্থবিষয়ক স্থায়ী কমিটি গত বৃহস্পতিবার এনএবি চেয়ারম্যানের কাছে তদন্তের সারসংক্ষেপ জানতে চেয়েছে। প্রাথমিকভাবে এনএবির ছয়জন বাংলাদেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বাংলাদেশ সরকারের মাধ্যমে করতে হবে।
২০১৪ সালের জানুয়ারিতে এনবিপির ১ হাজার ১০০ কোটি রুপি অনিয়মের তথ্য প্রকাশ পেলেও পরে জানা যায় তা ছিল আসলে ১ হাজার ৮৫০ কোটি রুপি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পিএমএল-এন-এর ওমর আইয়ুব খানের নেতৃত্বে জাতীয় পরিষদের অর্থবিষয়ক স্থায়ী কমিটি বিষয়টি এনএবির কাছে অতিরিক্ত তদন্তের জন্য পাঠায়। স্থায়ী কমিটির বর্তমান চেয়ারম্যান কায়সার আহমেদ শেখও এ নিয়ে কাজ করেছেন।
এর আগে এনবিপিও নিজস্ব উদ্যোগে চারটি তদন্ত শেষ করেছে। যার মধ্যে একটি তদন্ত হয়েছে আন্তর্জাতিক চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ফার্ম কেপিএমজির মাধ্যমে। কেপিএমজি এ ঘটনায় ৬১ জনকে দোষী সাব্যস্ত করে, যাঁরা এনবিপির বাংলাদেশ শাখা, আঞ্চলিক অফিস বাহরাইন ও প্রধান কার্যালয় করাচিতে দায়িত্বরত ছিলেন। ২০০৭ সাল থেকে বাংলাদেশ শাখায় সমস্যা শুরু হয় খেলাপি ঋণ নিয়ে। সেই সময়ে ১৯টি অভিযোগ প্রধান কার্যালয়ে পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, ১ হাজার ৮৫০ কোটি রুপির অনিয়মের মধ্য থেকে মাত্র ১ কোটি ৭০ লাখ রুপি ফেরত আসতে পারে।
এদিকে এনবিপি, বাংলাদেশ সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে যাঁকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক করে পাঠানো হয় তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (বিনিয়োগ বোর্ড) অনুমোদন ছাড়াই কাজ শুরু করেন। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়লে তাঁকে দেশে ফিরে যেতে হয়।