একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের পরিচালক!
৬ ব্যাংক পরিচালককে পদ ছাড়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকায় ছয়জন ব্যাংক পরিচালককে যেকোনো একটি প্রতিষ্ঠানের পদ ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা হলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ভাইস চেয়ারম্যান মেহেরুন হক, পরিচালক আজিজ আল কায়সার, হোসেন মেহমুদ, হোসেন খালেদ ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান শহীদুল এহসান।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একজন ব্যাংক পরিচালকের একই সঙ্গে অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক পদে থাকার সুযোগ নেই। এ কারণে ছয়জন ব্যাংক পরিচালককে একাধিক পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৯১ সালের সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের ২৩ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকিবেন না।’
কিন্তু সিটি ও মার্কেন্টাইল ব্যাংকের উল্লিখিত ছয় পরিচালকই আইনের এ ধারা লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য তাঁদের যেকোনো একটি পরিচালক পদ রেখে (হয় ব্যাংকে, নয়তো আর্থিক প্রতিষ্ঠানের) অন্য প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার ছয় পরিচালককে আলাদাভাবে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে একাধিক প্রতিষ্ঠানের পরিচালক পদ ছেড়ে তা বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রুবেল আজিজ, মেহেরুন হক, আজিজ আল কায়সার, হোসেন মেহমুদ সিটি ব্যাংকের পরিচালকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্সের পরিচালক পদে রয়েছেন। এঁরা সিটি ব্যাংক থেকে মনোনীত পরিচালক। আইডিএলসির মোট শেয়ারের প্রায় ২৪ শতাংশের মালিকানা রয়েছে সিটি ব্যাংকের হাতে। এঁদের মধ্যে রুবেল আজিজ সিটি ব্যাংকের পাশাপাশি আইডিএলসি ফিন্যান্সেরও চেয়ারম্যান। গত ২২ সেপ্টেম্বর রুবেল আজিজ আইডিএলসি ফিন্যান্সের চেয়ারম্যান হন।
ঢাকা চেম্বারের সভাপতি ও সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ব্যাংকের পাশাপাশি রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিডি ফিন্যান্স) চেয়ারম্যান পদে।
আজিজ আল কায়সার সিটি ব্যাংক ও আইডিএলসির পাশাপাশি অপর আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্সেরও পরিচালক।
আর মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদে থেকেও শহীদুল এহসান ২২ সেপ্টেম্বর আইডিএলসি ফিন্যান্সের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেহেরুন হকও আইডিএলসির পরিচালক।
রুবেল আজিজ ও আজিজ আল কায়সার সম্পর্কে ভাই। আবার হোসেন মেহমুদ এবং হোসেন খালেদও সম্পর্কে ভাই।