৬ মাসেই জিএসপি ফিরবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আগামী ডিসেম্বরের মধ্যেই তা ফিরে পাওয়া যাবে। সচিবালয়ে গতকাল সোমবার জিএসপি-বিষয়ক এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কারখানার জন্য পরিদর্শক নিয়োগ, অগ্নিনিরাপত্তারব্যবস্থা, শ্রমিকদের অধিকার নিশ্চিত ও শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের মামলা গুরুত্বের সঙ্গে নেওয়া এবং কল্পনা আক্তারের মামলা প্রত্যাহারের শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বাণিজ্যমন্ত্রী বলেন, এগুলোর ব্যাপারে অগ্রগতি হচ্ছে। কিছু শর্ত এরই মধ্যে পূরণ হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন। তা ছাড়া সংশোধন করা হয়েছে শ্রম আইন। তা আবারও সংশোধনের ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্র) কিছু বলেনি।
যুক্তরাষ্ট্র গত ২৭ জুন বাংলাদেশি পোশাক রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা স্থগিত করে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা দেয়। এর বাইরে গত ১৯ জুলাই অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের অধিকার, কর্মস্থলে নিরাপত্তা বিষয়ে আরেকটি কর্মপরিকল্পনা দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাণিজ্যমন্ত্রী বলেন, এই দুই কর্মপরিকল্পনা নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা ও ম্যাট্রিক্স তৈরি করা হয়। এতে আগামী দিনের করণীয়, এরই মধ্যে কতটুকু করা হলো, মন্ত্রণালয়, বিজিএমইএ বা অন্যদের কার কী দায়িত্ব তা সুনির্দিষ্ট করা হয়।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, কারখানা পরিদর্শনের জন্য ১৫ অক্টোবরের মধ্যে ২০০ জন পরিদর্শক নিয়োগ করা হবে। লোকবল নিয়োগ করা হবে ফায়ার ফাইটিংয়ে। এ ছাড়া নতুন সাতটি অগ্নিনির্বাপণ স্টেশন স্থাপনেরও প্রক্রিয়া চলছে।
ভবন পরিদর্শনের জন্য লোকবল নিয়োগ করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রপ্তানিপ্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) জন্য আইন করা হবে। এ জন্যএকটি কমিটি গঠন করা হয়েছে।
কারখানার শ্রমিকদের চাকরিচ্যুতির বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের চাকরিচ্যুত করা হলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্পর্শকাতর মামলার তালিকায় আমিনুলের মামলা রাখা হয়েছে এবং মামলার আসামি ধরতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ট্রেড ইউনিয়ন-সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় না বলে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের গৃহীত ও গৃহীতব্য ব্যবস্থা সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র। বাণিজ্যমন্ত্রী বলেন, নতুনভাবে ওয়েবসাইট তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। একটি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হবে। কারখানা পরিদর্শনসহ সব বিষয়েরই তথ্য থাকবে ওই ওয়েবসাইটে।
প্রতি মাসে এ বিষয়ে সভা করে পর্যালোচনা ও তদারক করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রমগুলো করতে পারব এবং যুক্তরাষ্ট্র ও ইইউ—উভয়ই সন্তুষ্ট হবে বলে আশা করছি। তখন তারা জিএসপি সুবিধা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেবে।’