৬ শতাংশ সুদে সুবিধা বঞ্চিতদের জন্য ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টাকার ব্যাংক হিসাবধারীদের মধ্যে যাঁরা সুবিধাবঞ্চিত, তাঁদের স্বল্পসুদে ঋণ দিতে ২০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক।
ভূমিহীন ও প্রান্তিক কৃষক, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত, ফেরিওয়ালা, মুদি দোকানি, হকার—এমন যাঁরা সুবিধাবঞ্চিত মানুষ ব্যাংক অর্থায়নের সুবিধাটুকুও নিতে পারেন না, তাঁদের এই তহবিল থেকে ঋণের অর্থ জোগানো হবে। সাধারণভাবে গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ হার হবে ৬ শতাংশ। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের এই তহবিল থেকে ৫ শতাংশ সুদ হারে অর্থ নেবে।
এই ঋণ এক বছর মেয়াদের। এর সঙ্গে গ্রেস পিরিয়ড বা রেয়াতকালীন সময় আছে আরও ছয় মাস। এর মধ্যে ঠিকভাবে ঋণটি আদায় করতে পারলে বাংলাদেশ ব্যাংক এই ঋণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সাড়ে ৩ শতাংশ হারে অর্থ ভর্তুকি দেবে। আর যদি গ্রাহক দেড় বছরের মধ্যে ব্যাংকের টাকা ফেরত না দিয়ে খেলাপি হয়, তার ওপর দণ্ডসুদ আরোপ হবে। এ ক্ষেত্রে মোট সুদের হার দাঁড়াবে ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পষর্েদর এক সভায় গতকাল মঙ্গলবার এই পুনঃ অর্থায়ন তহবিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
এই তহবিলটি হবে ঘূর্ণমান অর্থাৎ ঋণের অর্থ ফেরত এলে আবার তার থেকে পুনঃ অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ টাকার হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৩০২টি। এর মধ্যে কৃষকের হিসাব রয়েছে ৯৬ লাখ ৩৭ হাজার ১৪৫টি। বাকি হিসাবগুলো মুক্তিযোদ্ধাসহ অন্যদের। কোনো ধরনের সেবা মাশুল ছাড়াই ব্যাংকগুলো এসব হিসাব সংরক্ষণ করছে। এর মধ্যে যাঁরা কোনো ধরনের সরকারি সুবিধা ভোগ করেন না, তাঁদের এই পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ দেওয়া হবে।