৬ হাজার সিম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) প্রযুক্তি ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬৪টি সিম জব্দ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার তাহেরাবাদ আবাসিক এলাকায় র‍্যাব-৭ ও বিটিআরসির এক যৌথ অভিযানে এসব সিম জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

বিটিআরসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানিয়ে বলা হয়, জব্দ করা সিমের মধ্যে টেলিটকের ২ হাজার ৯৯৮টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি, রবির ৭৮২টি, এয়ারটেলের ৫৭০টি ও বাংলালিংকের ৩২০টি সিম রয়েছে। এ ছাড়া অবৈধ ভিওআইপির কাজে ব্যবহৃত বিভিন্ন আকারের সিম পোর্ট, সিমবক্স গেটওয়ে, থ্রিজি মডেম, রাউটার, ল্যাপটপ, আউটডোর অ্যানটেনা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব যন্ত্রপাতির বাজারমূল্য ৪০ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ বিষয়ে পাঁচলাইশ থানায় টেলিযোগাযোগ আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি বিটিআরসি।

জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, অবৈধ ভিওআইপি ধরতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এ রকমের অভিযান আরও বাড়ানো হবে।