৬০ কোটি টাকা পরিশোধের নির্দেশ অ্যাপল টেলকে
৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৬০ কোটি টাকা বকেয়া ফেরত দিতে আইজিডব্লিউ অপারেটর অ্যাপল গ্লোবাল টেলকে নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ে এই অর্থ পরিশোধ করলে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর (আইজিডব্লিউ) হিসেবে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
১২০ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় গত ১৩ নভেম্বর অ্যাপল গ্লোবাল টেলের লাইসেন্স বাতিল করে কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর রিট আবেদন দায়ের করে অ্যাপল টেল। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের যৌথ বেঞ্চ গত রোববার এ বিষয়ে শুনানি শেষে বকেয়া পরিশোধে এ সময় বেঁধে দেন।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেন প্রথম আলোকে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাপল টেলকে ৬০ কোটি টাকা পরিশোধ করতে আদেশ দিয়েছেন আদালত। আর অবশিষ্ট বকেয়া ছয়টি সমান কিস্তিতে পরবর্তী ছয় মাসে পরিশোধ করতে হবে।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বকেয়ার অর্ধেক অর্থ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে অ্যাপল টেল তাদের লাইসেন্স ফেরত পাবে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, আয় ভাগাভাগি, বার্ষিক লাইসেন্স ফি, বিলম্ব ও সুদসহ অ্যাপল কমিউনিকেশনের কাছে এই বকেয়া পাওনা দাঁড়িয়েছে। ২০১৩ সালে বকেয়া পরিশোধ করতে না পারায় ১০টি আইজিডব্লিউর লাইসেন্স স্থগিত করেছিল বিটিআরসি। এর মধ্যে ছয়টির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এ ছয়টি আইজিডব্লিউ হলো রাতুল টেলিকম, কে টেলিকম, বেস্টেক, এসএম কমিউনিকেশন, ভিশন টেল ও টেলেক্স। এদের কাছে আয় ভাগাভাগি বাবদ বিটিআরসির বকেয়া রয়েছে ৬২৩ কোটি টাকা।
দেশে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত আইজিডব্লিউ রয়েছে ২৯টি। এর মধ্যে ২২টির কার্যক্রম বর্তমানে চালু আছে।