৬০ কোটি টাকার তাঁবু কেনার প্রস্তাব অনুমোদন
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য ৭ হাজার ৯৩৯টি তাঁবু কিনবে সরকার। এতে ব্যয় হবে ৬০ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি তাঁবুর দাম পড়বে ৮০ হাজার টাকার কাছাকাছি।
তিন লটে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁবু কেনার এ প্রস্তাব গতকাল বুধবার অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁবু কেনাসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় তাঁবু কেনার জন্য ১০১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তা থেকেই ৭ হাজার ৯৩৯টি তাঁবু কেনা হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম লটে প্রতিটি ৭৭ হাজার ৮৮০ টাকা দরে ২ হাজার ৫৯১টি তাঁবু সরবরাহ করবে মিজান কন্সট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় লটে প্রতিটি ৭৫ হাজার ৫০০ টাকা দরে ২ হাজার ৬৭২টি তাঁবু সরবরাহ করবে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ টাকা। আর তৃতীয় লটে প্রতিটি ৭৫ হাজার ৪০০ টাকা দরে ২ হাজার ৬৭৬টি তাঁবু সরবরাহ করবে জেএসএম করপোরেশন। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ ২০ টাকা।
ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গতকালের বৈঠকে ঢাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে চারটি করে বিদ্যুতের আটটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ৬০ কোটি টাকা ব্যয় হবে। দুটি কাজই পেয়েছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকা বিভাগের চারটি সাব-স্টেশন নির্মাণে ৩২ কোটি ১৮ লাখ টাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের চারটি করে আটটি সাব-স্টেশন নির্মাণে ২৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় হবে।
পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ কার্যক্রম-২-এর আওতায় খুলনা বিভাগের জন্য ৮৪ কোটি ৩৯ লাখ টাকায় ৩৯ হাজার ৯৮৯টি বৈদ্যুতিক খুঁটি কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ হাজার ৯৯৫টি করে দুই লটে এসব খুঁটি সরবরাহ করবে পলি কেব্লস ও চরকা নামে দুটি প্রতিষ্ঠান।
সার কারখানার জন্য ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির একটি প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে। ৯৪ কোটি টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে দেশ ট্রেডিং করপোরেশন।