৬০ কোটি টাকার পুরোনো কাপড় আমদানির সুযোগ
ফুটপাতে যেসব পুরোনো কাপড় বিক্রি হয়, তার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি হয়ে আসে। বিশেষ করে শীতের গরম পোশাক, কম্বল, ট্রাউজার ইত্যাদি প্রতিবছরই আমদানি করেন ক্ষুদ্র আমদানিকারকেরা।
সরকারই পুরোনো কাপড় আমদানির এ সুযোগটি করে দেয়। চলতি ২০১৩-১৪ অর্থবছরে ৬০ কোটি টাকা মূল্যের পুরোনো কাপড় আমদানির সুযোগ দিচ্ছে সরকার। আমদানি করতে পারবেন ছয় হাজার নির্বাচিত আমদানিকারক। একজন আমদানিকারক সর্বোচ্চ এক লাখ টাকার পুরোনো কাপড় আমদানি করতে পারবেন।
আমদানিকারকেরা কম্বল, সোয়েটার, লেডিস কার্ডিগান, জিপার জ্যাকেটসহ পুরুষের জ্যাকেট, পুরুষের ট্রাউজার, সিনথেটিক ও ব্লেন্ডেড কাপড়ের শার্ট আমদানি করতে পারবেন।
তবে অন্য কোনো পণ্য আমদানি করা যাবে না। কেবল নির্বাচিত আমদানিকারকেরাই এসব কাপড় আমদানি করতে পারবেন। এ জন্য তাঁদের সংশ্লিষ্ট আঞ্চলিক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতাসম্পন্ন ও আগ্রহী আমদানিকারকদের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে পুরোনো কাপড় আমদানির জন্য আবেদন করতে হবে।
সেখান থেকে লটারির মাধ্যমে সারা দেশে জেলা কোটায় ছয় হাজার আমদানিকারক নির্বাচন করবে সরকার।
তবে শিল্প খাতে নিবন্ধিত আমদানিকারকেরা পুরোনো কাপড় আমদানির জন্য আবেদন করতে পারবেন না।
নির্বাচিত আমদানিকারকদের তালিকা ৬ মার্চের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। ওই দপ্তর ১৭ মার্চ আমদানিকারকদের পুর্বানুমতিপত্র দেবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে ১৬ লাখ ডলারের কাপড় আমদানি হয়েছে, যা প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের (এক ডলার ৭৮ টাকা ধরে)। এটি অবশ্য ২০১২-১৩ অর্থবছরে সরকারের দেওয়া সুযোগ। এ সময়ের জন্য ১৫ কোটি টাকার কাপড় আমদানির অনুমতি দেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে দেশে ১৬ লাখ ৬০ হাজার ডলার আর ২০১১-১২ অর্থবছর ২১ লাখ ১০ হাজার ডলারের পুরোনো কাপড় আমদানি হয়।
আমদানির শর্ত: গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আমদানিকারকেরা সর্বোচ্চ দুই মেট্রিক টন কম্বল, ছয় টন সোয়েটার, ছয় টন লেডিস কার্ডিগান, ছয় টন জিপার জ্যাকেটসহ পুরুষের জ্যাকেট, ছয় টন পুরুষের ট্রাউজার ও দুই টন সিনথেটিক ও ব্লেন্ডেড কাপড়ের শার্ট আমদানি করতে পারবেন।
কোনো আমদানিকারক যদি একাধিক পণ্য আমদানি করতে চান, সে ক্ষেত্রে তাঁকে এক লাখ টাকার মধ্যেই আনুপাতিক হারে পণ্য আমদানি করতে হবে।
যদি কোনো আমদানিকারক বা ঋণপত্র প্রদানকারী ব্যাংক তথ্য গোপন করে অন্য কাপড় কিংবা পণ্য আমদানি করে, তাহলে শুল্ক কর্তৃপক্ষ সেসব পণ্য বাজেয়াপ্ত করবে এবং দায়ী আমদানিকারক ও ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।