বাংলাদেশে ৬০ লাখ লোকের আয়কর দেওয়ার সামর্থ্য রয়েছে। এর মধ্যে মাত্র ১৩ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) বার্ষিক আয়কর বিবরণী জমা দেন।আর পাঁচ লাখ ছোট ব্যবসায়ীর মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ার সক্ষমতা রয়েছে। তাঁদের মধ্যে মাত্র ৬০ হাজার জন মূসক দেন।গতকাল বুধবার অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন এসব কথা বলেন।এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এনবিআরের চেয়ারম্যান জানান, বর্তমানে ৩৩ লাখ টিআইএনধারীর মধ্যে ২০ লাখ কার্যত সচল রয়েছেন। এঁরা গত তিন বছরের মধ্যে বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। বাকি টিআইএন বাতিল করে দেওয়ার চিন্তাভাবনা চলছে।গোলাম হোসেন বলেন, ‘আগামী বাজেটের জন্য এনবিআর এক লাখ ৩৬ হাজার কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রাক্কলন করেছে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা অর্জন সম্ভব নয়। তাই চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের ওপর ১২ থেকে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্য দেওয়া উচিত। তবে এ বছরের লক্ষ্য অর্জন এখনো সম্ভব।’আগামী বাজেটে পুঁজিবাজারকে সহায়তা দেওয়ার জন্য উদ্যোগ থাকবে বলে এনবিআরের চেয়ারম্যান জানান। এ ছাড়া সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে কী করা যায়, তা নিয়ে কাজ চলছে এমন তথ্য দিয়েছেন তিনি।ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দিন বলেন, রাজস্ব আদায়ে সরকারকে একটু নিষ্ঠুর হওয়া প্রয়োজন। মানুষ বেশি কর দিয়ে সরকারকে কৈফিয়তের মধ্যে আনতে পারবে।বাজেট যাতে সাধারণ মানুষের অনুকূলে থাকে, সেই পরামর্শ দেন ইআরএফের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি। ইআরএফের সাবেক সভাপতি মনোয়ার আহমেদ বলেন, সাধারণ মানুষকে জীবনযাত্রায় একটু স্বস্তি দেওয়ার জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা বাড়ানো উচিত।সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু কাওসার মত দেন, রাজস্ব আদায়ে নীতির চেয়ে প্রশাসনিক সংস্কারে বেশি জোর দেওয়া উচিত। সভায় এনবিআরের সদস্য ফরিদউদ্দিন, সৈয়দ আমিনুল করিম, জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।