চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। ১৯ মে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আমের সরবরাহ থাকা পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের ৭৮ হাজারের বেশি আমচাষির কাছ থেকে এসব আম ক্রয় করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হযরত আলী এসব কথা বলেন। তিনি বলেন, কারখানায় আম প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষার পর তা গ্রহণ করা হয়। এরপর ল্যাবে পাঠানো হয় ফরমালিন, ব্রিক্স, পি-এইচসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য। আম নেওয়ার সময় আরেকটি জিনিস লক্ষ করা হয়, তা হলো ওজন। ল্যাব টেস্টে উত্তীর্ণ আম নেওয়া হয় প্রক্রিয়াজাত করার জন্য। এই আম দিয়েই প্রাণের ম্যাঙ্গো ড্রিংক, ম্যাঙ্গো বার, জেলিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হয়। এ ছাড়া কাঁচা আম থেকে বিভিন্ন ধরনের আচার তৈরি হয়। এসব পণ্য এখন বিশ্বের ১৩৪টি দেশে নিয়মিত রপ্তানি করছে প্রাণ।
হযরত আলী আরও জানান, নাটোরে প্রাণের কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে ওঠায় সরাসরি প্রায় ৭ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আমের মৌসুমে বাড়তি আরও দুই থেকে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এসব শ্রমিকের প্রায় ৯০ ভাগই নারী। এ ছাড়া কারখানায় আমচাষি ও সরবরাহকারীদের প্রতিষ্ঠানে পরোক্ষ কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।
ডায়াবেটিক রোগীদের জন্য চিনি ছাড়া ম্যাঙ্গো জুস প্রস্তুত করা হবে কি না এমন এক প্রশ্নের উত্তরে হযরত আলী জানান, ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তাই এসব মানুষের জন্য চিনি ছাড়া ম্যাঙ্গো জুস প্রস্তুতের কথা প্রাণ ভাবছে। উৎপাদন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জুস প্রস্তুতির কাজ শুরু হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাটোরের ওপর দিয়ে গ্যাস রাজশাহীতে গেছে। অথচ প্রাণ জ্বালানি হিসেবে গ্যাস পাচ্ছে না। গ্যাস পাওয়া গেলে জ্বালানি খরচ কম হবে এবং পণ্যের উৎপাদন খরচ কমে যাবে। ক্রেতারাও কম মূল্যে পণ্য কিনতে পারবেন।
প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরায় প্রাণের প্রায় ১৫ হাজার চুক্তিবদ্ধ আমচাষির কাছ থেকে আম সংগ্রহ করা হয়। এসব আমচাষিকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। স্বল্পমূল্যে উন্নত জাতের চারা প্রদান, সার, কীটনাশক ব্যবহার, রোপণ প্রক্রিয়া ও গাছ থেকে আম সংগ্রহ সম্পর্কে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের অভিজ্ঞ মাঠ পরিদর্শকদের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে মো. কামরুজ্জামান বলেন, চাষিদের উৎপাদিত যেকোনো ভালো আমই কেনা হয়। তবে টক আম সংরক্ষণ করা সহজ। তাই আঁটি ও আশ্বিনা আম বেশি সংগ্রহ করা হয়। এসব আম সাধারণ বাজারে তেমন একটা বিক্রি হয় না। তাই এসব আমের চাষিদের কাছে প্রাণ একমাত্র ভরসা। তাঁরা উৎপাদিত আম ফেলে না দিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে প্রাণ কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, সহকারী জেনারেল ম্যানেজার (পিআর) জিয়াউল হক ও প্রাণ এগ্রো লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) আব্দুল কাদের সরকার।