৬০ হাজার টন গম ৫০ হাজার টন সার আমদানি হবে
সরকার ৬০ হাজার টন গম ও ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদের বৈঠকে গম ও সারের তিনটি দরপত্রের অনুমোদন দেওয়া হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ইউরিয়া ও গ্র্যান্ডওলার ইউরিয়া নামে দুই ধরনের ইউরিয়া সার আমদানির দুটি দরপত্র ছিল। প্রতি দরপত্রে ২৫ হাজার টন করে। দেশ ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে। এর একটিতে ৩৪১ দশমিক ৮৫ ডলার এবং অন্যটিতে ৩৪৭ দশমিক ৪৪ ডলার করে টনপ্রতি খরচ পড়বে। সার আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে। আর গম আমদানিতে প্রতি টনে খরচ পড়বে ২৫৭ দশমিক ৪৩ ডলার। এর আমদানিকারক পূবালী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।