বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৬২০টি কারখানা পরিদর্শন করবে উত্তর আমেরিকার পোশাক ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স ফর ওয়ার্কার সেফটি ইন বাংলাদেশ’।
অ্যালায়েন্স গত মঙ্গলবার কারখানার এ তালিকা প্রকাশ করে। তালিকায় পোশাক খাতের বাইরে পাদুকা ও সিরামিক শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে।
এদিকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ বা অ্যাকর্ডের শীর্ষ তিন পদের নিয়োগ সম্পন্ন হয়েছে।
নিয়োগ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন প্রধান নিরাপত্তা পরিদর্শক পদে ব্র্যাড লোয়েওয়েন এবং দুই নির্বাহী পরিচালক পদে অ্যালান রবার্টস ও রব ওয়েস। তাঁরা আগামী সাত সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন। অ্যাকর্ডের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক শন অ্যানসেট গত বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি ঘোষণা দেন।
এ বিষয়ে শন অ্যানসেট বলেছেন, ‘কারখানা পরিদর্শন ও সংশোধন করতে অ্যাকর্ডের নেতৃত্বকে শক্ত হাতে দ্রুত এগিয়ে নিতে এই নিয়োগ সহায়তা করবে।’
ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের মুখপাত্র মনিকা ক্যামপার্লি প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘আমরা যা অর্জন করতে চাই, তা ব্র্যাড লোয়েওয়েনের কাজের ওপর নির্ভর করছে। অ্যাকর্ডের সদস্য ব্র্যান্ডগুলো বাংলাদেশের যেসব কারখানা থেকে পোশাক কেনে, তাদের জন্য লোয়েওয়েনের নেতৃত্বে একটি নিরাপত্তা মানদণ্ড তৈরি ও তা প্রয়োগ করা হবে।’
মনিকা আরও বলেন, পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কাজটি বিশাল। তবে ব্র্যাডের সেই অভিজ্ঞতা ও সামর্থ্য আছে। ব্র্যাড বাংলাদেশের পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও ইতিবাচক প্রভাব পড়বে, সরাসরি এমন সিদ্ধান্ত নিতে পারবেন।
অন্যদিকে নির্বাহী পরিচালক অ্যালান রবার্টস আন্তর্জাতিক বিষয়াবলি দেখভাল করবেন। প্রধান কার্যালয় স্থাপন, তহবিল গঠন ও নতুন নতুন ব্র্যান্ডকে অ্যাকর্ডের চুক্তির আওতায় নিয়ে আসা তাঁর কাজের মধ্যে পড়বে।
এ ছাড়া রব ওয়েস মূলত বাংলাদেশে কাজ করবেন। সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ, অ্যাকর্ডের স্থানীয় দলের প্রশিক্ষণ, প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে নিবিড়ভাবে কাজ এবং পোশাকশ্রমিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন তাঁর কাজের অংশ।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য কাজ করতে আইএলও, আন্তর্জাতিক শ্রমিক সংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী চাপ তৈরি করে। এরই ধারাবাহিকতায় ১৩ মে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্র্যান্ডের প্রতিনিধিরা একটি চুক্তি করে অ্যাকর্ড গঠন করেন। এখন পর্যন্ত ১০০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
সর্বশেষ অস্ট্রেলিয়ার সুপারমার্কেট চেইন উলওর্থস অ্যাকর্ডে যোগদানের জন্য গত সপ্তাহেই স্বাক্ষর করেছে।
চলতি মাসের শুরুর দিকে এক হাজার ৬১৬টি কারখানার একটি তালিকা প্রকাশ করে অ্যাকর্ড। বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের জন্য কারখানা পরিদর্শনের অংশ হিসেবে এই তালিকায় প্রকাশ করা হয়। পোশাক কারখানা ছাড়াও পাদুকা, প্লাস্টিক, সিরামিক ও চামড়া খাতের প্রতিষ্ঠানের নাম রয়েছে ওই তালিকায়।
তবে কারখানা পরিদর্শনের এই কার্যক্রম পূর্বঘোষণা অনুযায়ী নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তা কবে থেকে শুরু হবে, নিশ্চিত করে বলতে পারছেন না অ্যাকর্ডের প্রতিনিধি কিংবা বিজিএমইএর নেতারা।