চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাস, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ৬২৩ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। দেশীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬০ কোটি টাকার সমান। তৈরি পোশাক খাতের এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে মাত্র শূন্য দশমিক ৪০ শতাংশ বেশি হলেও আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে তা ৩ দশমিক ৭৭ শতাংশ কম।
এদিকে আলোচ্য সময়ে দেশের মোট পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৭৬৯ কোটি ৫১ লাখ ডলার। এই আয় ৮০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ কম। তবে তা গত অর্থবছরের চেয়ে মাত্র শূন্য দশমিক ৮৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি (১ দশমিক ৩৭ শতাংশ) হয়। আর প্রথম দুই মাসে প্রবৃদ্ধি ছিল ২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য গতকাল সোমবার প্রকাশ করেছে। এতে দেখা যায়, তৈরি পোশাকে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। তা ছাড়া পাট ও পাটজাত পণ্য, টেরিটাওয়েল, প্রকৌশল পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, হিমায়িত মাছসহ বেশ কিছু পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ায় সামগ্রিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ১ শতাংশের কমে গিয়ে ঠেকেছে।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট পণ্য রপ্তানি আয়ের ৮২ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। চলতি অর্থবছরে এ খাতের রপ্তানি আয় নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬৯৮ কোটি ডলার। আর এখন পর্যন্ত ৬২৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে ওভেন পোশাক থেকে ২৯৬ কোটি ডলার ও নিট পোশাক থেকে ৩২৭ কোটি ডলার। গত তিন মাসে ওভেন পোশাকে ৩ দশমিক ৪৯ শতাংশ প্রবৃদ্ধি থাকলে নিট পোশাকে তা (-) ২ দশমিক ৬৬ শতাংশ বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩০ কোটি ডলারের চমড়া ও চমড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি। এই ৩০ কোটি ডলারের মধ্যে ১০ কোটি ৯২ লাখ ডলারের চামড়া, পাঁচ কোটি ৮৩ লাখ ডলারের চামড়াজাত পণ্য, ১৪ কোটি ডলারের পাদুকা রপ্তানি হয়েছে। অন্যদিকে পাট ও পাটজাত পণ্যে ১৯ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কম।
শুধু গত সেপ্টেম্বর মাসে ২৫৫ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে, যা এ সময়ের ২৩৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৯১ শতাংশ বেশি। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৪৪ শতাংশ কম।
চলতি অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩২০ কোটি ডলার।