৬৩১ কোটি টাকা পাওনা রেখেই ব্যবসায়ী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের পাওনা পরিশোধে তিন মাস সময় নিয়েছিলেন ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইয়াছির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহের হোসেন। অথচ দেড় মাস না পেরোতেই তিনি লাপাত্তা। প্রাথমিক হিসাবে তাঁর কাছে বিভিন্ন ব্যবসায়ী ও বাণিজ্যিক ব্যাংকের ৬৩১ কোটি টাকা পাওনা রয়েছে।
ওই ব্যবসায়ীর আত্মগোপনে যাওয়ার এ ঘটনায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা উদ্বেগ-আতঙ্কে আছেন। কারণ, পাওনা টাকা না পেলে অনেক ব্যবসায়ীরই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। আবার ব্যাংকগুলোও এখন আমদানি-অর্থায়নে কঠোর হয়ে যেতে পারে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, ‘মোজাহের হোসেনের কাছে খাতুনগঞ্জের ২৯ ব্যবসায়ীর ১৫০ কোটি টাকা পাওনা রয়েছে বলে আমরা জেনেছি। তা আদায়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন ব্যবসায়ীরা।’
অন্যদিকে ওই ব্যবসায়ীর কাছে ১০টি ব্যাংক পাবে ৪৮১ কোটি টাকা। তিনি তাঁর ইয়াছির গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—ইয়াসির এন্টারপ্রাইজ, শাপলা ফ্লাওয়ার মিল ও ইয়াছির পলিমারের নামে এ ঋণনেন।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, একই পণ্য একাধিক ব্যবসায়ীর কাছে বিক্রি করেই টাকা হাতিয়ে নেন মোজাহের হোসেন। এ ক্ষেত্রে হাফিজ এন্টারপ্রাইজ নামের একটি গুদামজাতকারী প্রতিষ্ঠান তাঁকে সহযোগিতা করে। পণ্য না থাকার পরও তারা পণ্য আছে বলে মিথ্যা তথ্য দেয়।
গত কোরবানির ঈদের আগে মোজাহের হোসেনের এ কৌশল প্রথম ধরা পড়ে যখন তাঁর কাছ থেকে খাতুনগঞ্জের হাসান অ্যান্ড ব্রাদার্স দুই হাজার ২০০ টন মসুর ডাল কেনে। এক হাজার ৬০০ টন নেওয়ার পরই গুদামে ডাল শেষ হয়ে যায়। বিষয়টি জানানো হলে ঘাটতি পণ্যের বিপরীতে একটি চেক দেওয়া হয়। কিছুদিন পর জানে আলম নামের আরেক ব্যবসায়ীও পণ্য কিনে সরবরাহ নিতে পারেননি।
এভাবে একের পর এক প্রতারণার ঘটনা জানাজানি হলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যস্থতায় ব্যবসায়ীদের বৈঠক হয়। এ বৈঠকে মোজাহের হোসেনকে তিন মাস সময় দেওয়া হয়। কিন্তু তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পরামর্শে হাসান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মীর মোহাম্মদ হাসান গত শনিবার কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মামলায় ২৯ জন ব্যবসায়ীর প্রায় ১৫০ কোটি টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়। মামলার পরই ওই ব্যবসায়ী যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য বিমানবন্দরগুলোতে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
সৈয়দ ছগীর আহমেদসহ কোনো কোনো ব্যবসায়ীর আশঙ্কা, মামলা দায়ের ও সতর্কবার্তা পাঠানোর আগেই গত শুক্রবার মোজাহের দেশত্যাগ করে থাকতে পারেন।
এদিকে পাওনাদার ব্যাংকগুলোও খোঁজ নিয়ে জানতে পেরেছে যে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মোজাহের হোসেন নামের কোনো লোক গত কিছুদিনে দেশত্যাগ করেননি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ প্রসঙ্গে বলেন, বিশ্বাসকে পুঁজি করেই ব্যবসা-বাণিজ্য হয়। কিন্তু এ ঘটনায় একটা খারাপ নজির তৈরি হলো।