৬৩৫ কোটি টাকা মূলধনের কোম্পানি হবে সিএসই
মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৬৩৫ কোটি টাকার মূলধনি কোম্পানি হতে যাচ্ছে। সেই সঙ্গে স্টক এক্সচেঞ্জটি পুরোপুরি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবে।
পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা। সংস্থাটির পক্ষ থেকে ডিমিউচুয়ালাইজেশনের যে কর্মসূচি (স্কিম) তৈরি হয়েছে তাতে এই মূলধন নির্ধারণ করা হয়।
জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিমিউচুয়ালাইজেশন-সংক্রান্ত কর্মসূচির যে খসড়া তৈরি করেছে তাতে মূলধন কাঠামোতে কোনো পরিবর্তন করা হয়নি। কর্মসূচিটি বর্তমানে বিএসইসির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যেই তা চূড়ান্ত হবে বলে বিএসইসি সূত্র জানায়।
বর্তমানে সিএসই শেয়ার দ্বারা বিভাজিত অলাভজনক একটি কোম্পানি। অর্থাৎ এটির মুনাফা বণ্টন করা যায় না। ডিমিউচুয়ালাইজেশনের পর এটি হবে শতভাগ পাবলিক লিমিটেড কোম্পানি। বছর শেষে কোম্পানিটি যা লাভ করবে তা লভ্যাংশ আকারে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা যাবে।
এদিকে সিএসইর প্রস্তাবিত মূলধন কাঠামোয় বলা হয়েছে, সংস্থাটির পরিশোধিত মূলধন ৬৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৮৪০টি শেয়ারে বিভাজিত। সংস্থাটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে এক হাজার কোটি টাকা, যা ১০০ কোটি শেয়ারে বিভাজিত হবে।
সিএসইর বর্তমান সদস্যসংখ্যা ১৪৮ জন। ডিমিউচুয়ালাইজেশনের পর এরাই হবেন স্টক এক্সচেঞ্জের প্রাথমিক শেয়ারধারী। প্রত্যেক সদস্য পাবেন ৪২ লাখ ৮৭ হাজার ৩৩০টি শেয়ার। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ টাকা।
সেই হিসাবে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রার শুরুতে স্টক এক্সচেঞ্জটির একেকজন সদস্যের বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে চার কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।
প্রত্যেক সদস্যের বিপরীতে বরাদ্দকৃত মোট শেয়ারের ৬০ শতাংশ ব্লক অ্যাকাউন্টে আলাদাভাবে সংরক্ষিত রাখতে হবে। তাতে প্রত্যেক সদস্যের মোট শেয়ারের মধ্য থেকে প্রায় ২৬ লাখ শেয়ার ব্লক হিসেবে স্থানান্তর করতে হবে।
স্টক এক্সচেঞ্জটির মোট ৬৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৮৪০টি শেয়ারের মধ্যে ৩৮ কোটি সাত লাখেরও বেশি শেয়ার জমা থাকবে ব্লক হিসাবে। সদস্যদের মধ্যে বণ্টন হবে প্রায় ২৫ কোটি ৩৮ লাখ নয় হাজার ৯৩৬টি শেয়ার।
জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘আমরা যে স্কিম জমা দিয়েছি তাতে সিএসইর পরিশোধিত মূলধন প্রায় ৬৩৫ কোটি টাকা ও অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এই মূলধন কাঠামোর সঙ্গে বিএসইসি এখনো পর্যন্ত কোনো দ্বিমত পোষণ করেনি।’